রাহুলের হাসপাতালের বকেয়া বিল মেটালেন সলমন, কী হয়েছিল অভিনেতার?

এরপর দীর্ঘ চিকিৎসা এবং বড়সড় আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছিল অভিনেতাকে। রাহুলের সুস্থ হয়ে ওঠার খবর সবাই জানলেও, পর্দার পেছনের এক মানবিক রূপকথার কথা এত দিন অধরাই ছিল। সম্প্রতি জানা গিয়েছে, সেই কঠিন সময়ে নিঃশব্দে রাহুলের পাশে দাঁড়িয়েছিলেন ‘বজরঙ্গি ভাইজান’ সলমন খান।

রাহুলের হাসপাতালের বকেয়া বিল মেটালেন সলমন, কী হয়েছিল অভিনেতার?

|

Jun 22, 2026 | 3:40 PM

বলিউডে কোনো প্রতিদান ছাড়াই অনেকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ পরিচিতি রয়েছে সলমন খানের। এবার সেই তালিকায় যুক্ত হল নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়ের নাম। ২০২০ সালে কার্গিলে একটি ছবির শুটিং চলাকালীন আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল। এরপর দীর্ঘ চিকিৎসা এবং বড়সড় আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছিল অভিনেতাকে। রাহুলের সুস্থ হয়ে ওঠার খবর সবাই জানলেও, পর্দার পেছনের এক মানবিক রূপকথার কথা এত দিন অধরাই ছিল। সম্প্রতি জানা গিয়েছে, সেই কঠিন সময়ে নিঃশব্দে রাহুলের পাশে দাঁড়িয়েছিলেন ‘বজরঙ্গি ভাইজান’ সলমন খান।

২০২০ সালের ২৯ নভেম্বর কার্গিলে ‘এলএসি – লাইভ দ্য ব্যাটেল’ ছবির শুটিংয়ের সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। দীর্ঘ দেড় মাস হাসপাতালে কাটানোর পর চিকিৎসার খরচ নিয়ে যখন পরিবার চরম দুশ্চিন্তায়, ঠিক তখনই দেবদূতের মতো হাজির হন সলমন। কোনও প্রচার বা সংবাদমাধ্যমের আলো না কেড়েই রাহুলের সমস্ত বকেয়া বিল এক দফায় মিটিয়ে দেন তিনি।

এক সাক্ষাৎকারে সলমন খানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে রাহুল রায় বলেন, “লোকে সলমন সম্পর্কে অনেক কথাই বলে—সে এইরকম, সেইরকম। কিন্তু আমার কাছে ও ভীষণ ভালো একজন মানুষ। ও একটা রত্ন।” তিনি আরও জানান, ১৯৯৬ সালে ‘মজধার’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন এবং তখন থেকেই তাঁদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

সলমনের এই মানবিকতায় আপ্লুত রাহুলের বোন প্রিয়াঙ্কা রায়ও। তিনি বলেন, “সবচেয়ে সুন্দর বিষয় হল, সলমন এই সাহায্য নিয়ে সংবাদমাধ্যমের সামনে একটা কথাও বলেনি। এই বিষয়টি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। ও সত্যিই একটা রত্ন। ভিড়ের মাঝখান থেকে কেউ একজন নিজে থেকে এগিয়ে এসে যখন আপনার আসল সমস্যার কথা জানতে চায় এবং সাহায্য করে, সেটাই সবথেকে বড় ব্যাপার। একেই বলে আসল ‘স্টার’ হওয়া, শুধু ক্যামেরার সামনে তারকা সেজে থাকা নয়।”

 

Follow Us