
মায়ানগরীর সেলেবপাড়ায় তাঁর দাপট প্রশ্নাতীত। বলিউডের এই ‘ভাইজান’-এর সুনজরে যেমন রাতারাতি অনেকের ভাগ্যের চাকা ঘুরে গেছে, তেমনই তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর রোষানলে পড়ে অকালেই হারিয়ে গেছেন বহু প্রতিভা। একদিকে যেমন তাঁর দানধ্যানের সুখ্যাতি রয়েছে, অন্যদিকে তেমনই ইন্ডাস্ট্রিতে তাঁর প্রভাব নিয়ে চর্চার শেষ নেই। তিনি আর কেউ নন, সুপারস্টার সলমন খান। তবে এবার সেই প্রভাবশালী অভিনেতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রযোজক অমিত জানি। সাফ জানিয়ে দিলেন, নিজেকে বলিউডের সর্বেসর্বা ভাবলেও তাঁর সিনেমা আটকানো যাবে না।
বলিউড ভাইজানের দু’দশক পুরোনো কৃষ্ণসার হরিণ হত্যা মামলার প্রেক্ষাপট নিয়ে ‘কালা হিরণ’ নামক একটি ছবি তৈরি করছেন অমিত জানি। আর এই ছবি ঘিরেই শুরু হয়েছে তুমুল আইনি তরজা। সম্প্রতি ছবিটির মুক্তি আটকাতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সলমন খান। অভিনেতার দাবি ছিল, ছবির পোস্টার এবং প্রচারঝলক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গল্পটি তাঁকে কেন্দ্র করেই তৈরি, যদিও নির্মাতারা কোথাও সরাসরি তাঁর নাম নেননি। তবে প্রথম শুনানিতেই আদালতে বড়সড় ধাক্কা খেয়েছেন ভাইজান, মেলেনি কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ। আগামী ৬ জুলাই পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।
আদালতের এই সিদ্ধান্তের পরেই সলমন খানকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রযোজক অমিত জানি। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আজও সলমন খান দিল্লি হাইকোর্টে কোনও স্বস্তি পেলেন না। ছবির ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আমি আগেও বলেছিলাম, আদালতের কাছে কোনও তারকা বা গ্ল্যামারের আলাদা গুরুত্ব নেই। নিজেকে বলিউডের বাবা ভাবলেই ‘কালা হিরণ’-এর মুক্তি আটকে দেওয়া যাবে না। আমি এই সিনেমাটি দেশের ৮ হাজার স্ক্রিনে রিলিজ করব, সেই সঙ্গে বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি।” এখানেই শেষ নয়, প্রযোজকের দাবি— এই সিনেমার পোস্টার সামনে আসার পর থেকেই ‘ডি কোম্পানি’-র নাম করে পাকিস্তান থেকে তাঁকে অনবরত খুনের হুমকি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। সেই মামলায় ২০১৮ সালে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করলে দু’দিন জেলেও কাটাতে হয়েছিল অভিনেতাকে। বর্তমানে তিনি জামিনে থাকলেও সেই বিতর্কিত অধ্যায় আজও সলমনের পিছু ছাড়েনি। এবার ভাইজানের জীবনের সেই ‘অভিশপ্ত’ অতীতকেই সেলুলয়েডের পর্দায় বন্দি করতে চলেছেন অমিত জানি। এই হাই-প্রোফাইল আইনি লড়াই নিয়ে সলমন নিজে এখনও মুখ না খুললেও, বিতর্কের জেরে ‘কালা হিরণ’ ছবিটি যে মুক্তির আগেই তুমুল প্রচার পেয়ে গেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই সিনেমা মহলের।