
পরিচালক নিতীশ তিওয়ারি এবং নামিত মালহোত্রার বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ প্রভু রামের চরিত্রে রণবীর কাপুরকে দেখার জন্য যখন দর্শকরা মুখিয়ে রয়েছেন, ঠিক তখনই সামনে এল বলিউডের এক বিস্মৃত অধ্যায়। প্রায় ৪,০০০ কোটি টাকার এই মেগা বাজেট ছবির পরিকল্পনার বহুকাল আগেই মহর্ষি বাল্মীকি রচিত এই মহাকাব্যের চলচ্চিত্র রূপায়ণে নাম লিখিয়েছিলেন বলিউড ভাইজান সলমন খান!
দুটি পর্বে তৈরি নিতীশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম পর্বটি ২০২৬ সালের ৬ নভেম্বর, অর্থাৎ দীপাবলির ঠিক দু’দিন আগে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ঠিক এই সময়েই নব্বইয়ের দশকের একটি অসমাপ্ত প্রজেক্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সলমন খানের ভাই সোহেল খানের পরিচালনায় তৈরি হওয়ার কথা ছিল ছবিটি। যেখানে রামের চরিত্রে সলমন খান এবং সীতার ভূমিকায় অভিনয় করার কথা ছিল সোনালি বেন্দ্রের। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা হয়েছিল পূজা ভাটকেও!
সাধারণত বলিউডে যেসব ছবি মাঝপথে বন্ধ হয়ে যায়, তাদের বেশিরভাগই প্রাক-প্রযোজনা বা পরিকল্পনার স্তরেই আটকে থাকে। কিন্তু এই ছবিটির ক্ষেত্রে তা ঘটেনি। প্রায় ৪০ শতাংশ শুটিং সম্পন্ন করে ফেলেছিলেন পরিচালক সোহেল খান। সলমন খান নিজে রামের পোশাক পরিধান করে, হাতে ধনু ও তীর নিয়ে প্রমোশনাল ফোটোশুটেও অংশ নিয়েছিলেন এবং বেশ কয়েকটি দৃশ্যের শুটিংও সেরে ফেলেছিলেন। তবে অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত আলো দেখেনি সেই ছবি।
নিতীশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে মাতামাতি চলছে, অন্যদিকে পরিচালক এস এস রাজামৌলির আসন্ন ছবি ‘বারাণসী’-তেও রামায়ণের বিভিন্ন উপাদানকে এক নতুন ক্যানভাসে তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ঋষভ শেট্টিকে নিয়ে পরিচালক প্রশান্ত বর্মার ‘জয় হনুমান’ ছবিটিকে ঘিরেও পারদ চড়ছে। আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা বিশ্বমঞ্চের দর্শকদের জন্য পৌরাণিক চরিত্রগুলোকে নতুনভাবে পেশ করছেন ঠিকই, কিন্তু নব্বইয়ের দশকে রাম অবতারে সলমন ও সীতারূপে সোনালি বেন্দ্রে অভিনীত সেই অসমাপ্ত ছবি এখনও ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বড় রহস্য হয়েই রয়ে গেল।