
বলিউড সুপারস্টার সলমন খানকে জড়িয়ে থাকা সেই বহুচর্চিত কৃষ্ণসার হরিণ (ব্ল্যাকবাক) শিকার মামলা এবং কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বৈরিতা এবার রূপোলি পর্দায় আসতে চলেছে। শুক্রবারই আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে এই ছবির প্রথম পোস্টার। কোর্টরুম ড্রামা এবং ক্রাইম থ্রিলারের মিশেলে তৈরি এই ছবিটির নাম রাখা হয়েছে ‘কালা হিরন’। উত্তরপ্রদেশের সম্বল এবং মোরাদাবাদ সহ বেশ কয়েকটি শহরে এই সিনেমার শুটিং হয়েছে।
ছবিটি প্রসঙ্গে প্রযোজক অমিত জানি বলেন, “১৯৯৮ সালে যোধপুরের কঙ্কানি গ্রামে সলমন খানের সেই কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা, আদালতের টানাপোড়েন, অপরাধের জাল এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের যে তীব্র শত্রুতা তৈরি হয়েছিল— সেই পুরো ঘটনাক্রমকেই সিনেমার আকারে ক্যামেরাবন্দি করা হয়েছে। উত্তরপ্রদেশের সম্বল ও মোরাদাবাদ ছাড়াও আরও কয়েকটি শহরে এর দৃশ্যধারণ করা হয়েছে।”
Jani Firefox Films Unveils the Gripping First Look Poster of “Kala Hiran: The Battle for Legacy” Highly Anticipated Teaser Set to Drop on June 20
Jani Firefox Media Private Limited has officially released the intense first-look poster for its upcoming high-octane crime drama,… pic.twitter.com/yH8GH2rt28
— Amit Jani (@AmitJaniIND) May 29, 2026
তিনি আরও জানান, “সেই সময়ে সিনেমার শুটিংয়ের জন্য সলমন খান ছাড়াও সাইফ আলি খান, তাবু, সোনালী বেন্দ্রে, সতীশ শাহ সহ বলিউডের যে একঝাঁক তারকা যোধপুরে হাজির ছিলেন, তাঁদেরও এই গল্পে রাখা হয়েছে। হরিণ শিকারের সেই মুহূর্ত, সলমনের গ্রেপ্তার হওয়া এবং তাঁর সাজা পাওয়া— সবটাই থাকছে এই চলচ্চিত্রে। এই ছবির পোস্টারের জন্য মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। সলমন খান, লরেন্স বিষ্ণোই এবং হরিণ শিকার মামলার এই রোমহর্ষক সিনেমাটিক রূপ দেখতে দর্শকরা দারুণ আগ্রহী। আগামী ২০ জুন আমরা এই ছবির ফার্স্ট লুক এবং টিজার প্রকাশ করতে যাচ্ছি।”
উল্লেখ্য, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ অত্যন্ত পবিত্র ও পূজনীয়। ফলে এই বেআইনি শিকারের প্রতিশোধ নিতেই দীর্ঘদিন ধরে সলমন খানের পেছনে লেগে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। শুধু সলমনই নন, অভিনেতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা মানুষদেরও একাধিকবার নিশানা করেছে বিষ্ণোই গ্যাং। ২০২৪ সালের অক্টোবর মাসে সলমন খানের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর বাড়ির কাছেই গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে লরেন্স বিষ্ণোইয়ের দলই সেই নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল। সেই সমস্ত বিতর্কিত ও বাস্তব অধ্যায় এবার বড়পর্দায় কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার।