Sayakk chakrabortiy: বার বার বিতর্ক, ট্রোলিং পিছু ছাড়ে না, সেই সায়ক বিগ বস-এ?

Sayakk chakrabortiy Bigg Boss Bangla: সোশাল মিডিয়ায় তিনি যাই করেন না কেন, বিতর্কের ঝড় বয়ে যায়। তা পার্কস্ট্রিটের রেস্তোরাঁ কাণ্ড হোক কিংবা প্রাক্তন বউদির সঙ্গে সোশাল মিডিয়ায় খুল্লমখুল্লা বচসা। হ্যাঁ, সায়ক চক্রবর্তী।

Sayakk chakrabortiy: বার বার বিতর্ক, ট্রোলিং পিছু ছাড়ে না, সেই সায়ক বিগ বস-এ?

|

Aug 17, 2026 | 1:50 PM

সোশাল মিডিয়ায় তিনি যাই করেন না কেন, বিতর্কের ঝড় বয়ে যায়। তা পার্কস্ট্রিটের রেস্তোরাঁ কাণ্ড হোক কিংবা প্রাক্তন বউদির সঙ্গে সোশাল মিডিয়ায় খুল্লমখুল্লা বচসা। হ্যাঁ, সায়ক চক্রবর্তী। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা, সোশাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার সায়ক এবার নাকি বিগ বসের ঘরে যাচ্ছেন। অন্তত, টলিপাড়ার গুঞ্জন তেমনই বলছে। শোনা যাচ্ছে, আগামী ২৬ অগাস্ট নাকি বিগ বসের জন্য কলকাতা ছাড়ছেন সায়ক। তবে শুধুই সায়ক নন, শোনা যাচ্ছে, গায়ক শিলাজিৎপুত্র ধি মজুমদারের কাছেও বিগ বসের প্রস্তাব গিয়েছে।

গত একমাস ধরে টলিপাড়ার প্রথম সারির অভিনেতা, অভিনেত্রীর কাছে বার বার বিগ বসের তরফ থেকে গিয়েছে প্রস্তাব। গুঞ্জনে রয়েছে, এক গায়িকাকে নাকি কোটির বেশি টাকাও অফার করা হয়েছিল বিগ বসের ঘরে পা রাখার জন্য। কিন্তু তিনি যাচ্ছেন না! শুধু এই গায়িকা নয়, না করেছেন টলিপাড়ার আরও বহু নামজাদা অভিনেতা, অভিনেত্রীরা। শোনা যাচ্ছে, বেশিরভাগই দুর্গাপুজোর সময় শহর ছাড়তে নারাজ। যত টাকাই পান না কেন, ওই সময় তাঁরা শহর ছাড়বেন না। বরং কনটেন্ট ক্রিয়েটারদের অনেকেই পা বাড়িয়ে রয়েছেন বিগ বসের ঘরে যাওয়ার । ঠিক এরই মাঝে অভিনেতা জীতু কমলের কাছে প্রস্তাব গিয়েছিল বিগ বস থেকে। তিনি বিগ বস করতে পারেন, সেই ভাবনা থেকে ওয়েব সিরিজের শুটিংও নাকি কিছুটা এগিয়ে এনেছেন শোনা যাচ্ছে। কিন্তু বিগ বসের ঘরে জীতু যে যাবেনই, তার কোনও নিশ্চয়তা নেই। তবে চ্যানেল কর্তৃপক্ষ নাকি জীতুকে বিগ বসের ঘরে নিয়ে যাওয়ার জন্য এখনও আশাাবাদী।

সোশাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ, বিগ বসের অন্দরমহলে গেলে ঘর যে আলো হয়ে যাবে তা নিশ্চিত। তাঁকে রাজি করিয়ে ফেলতে পারে চ্যানেল কর্তৃপক্ষ তাও শোনা যাচ্ছে, তবে না আঁচালে বিশ্বাস নেই। অন্যদিকে, টলিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহর কাছেও গিয়েছে বিগ বসের প্রস্তাব। তিনি নাকি বিগ বসের ঘরে আগামী তিন মাস, কী পোশাক পরবেন, তার জোগাড়যন্ত্র ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। গায়ক দুর্নিবার সাহার কাছেও প্রস্তাব গিয়েছে বলে খবর, চর্চা এতেও থামছে না, শোনা যাচ্ছে আরও একটি বিরাট চমক থাকবে বিগ বস বাংলার এই নতুন সিজনে। তবে বিগ বসের ফরম্যাট মেনে, ৩০ আগস্টই বিগ বসের ঘরের অতিথিদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। তার আগে টলিপাড়ায় শুধুই নানা স্পেকুলেশন। ‘বিগ বস বাংলার সিজন ৩’-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ই সবার সামনে আনবেন, বিগ বসের এবারের তারকা প্রতিযোগীদের।

৩০ আগস্টই শুরু হয়ে যাচ্ছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। ২০ দিনের মাথায় কলকাতা ছেড়ে বিগ বসের ঘরে উড়ে যাচ্ছেন টলিপাড়ার জনপ্রিয় সেলেবরা। প্রায় তিনমাস তাঁরা থাকবেন ঘর থেকে, পরিজন থেকে দূরে। তাঁদের হাতে থাকবে না ফোন। দেখতে পারবেন না সিনেমা। এমনকী, বই পড়ার সুযোগও নেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us