
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত বর্ষীয়ান নেতা মনোহর জোশীর নাতনি শর্বরী ওয়াঘ বর্তমানে সোশাল মিডিয়ায় বেশ চর্চায় রয়েছেন। একের পর এক দুর্দান্ত ছবির দৌলতে আপাতত লাইমলাইটে এই বলিউড অভিনেত্রী। ‘মুঞ্জ্যা’ এবং ‘মহারাজ’-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেওয়ার পর, এবার বলিউডের জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলির হাত ধরে পর্দায় হাজির হয়েছেন তিনি। তাঁর নতুন ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-তে অভিনেতা বেদান্ত রায়নার সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শর্বরীকে। প্রেক্ষাগৃহে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও, এই মুহূর্তে শর্বরী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে বেশি খবরের শিরোনামে এসেছেন।
শোনা যাচ্ছে, অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সঙ্গে শর্বরীর দীর্ঘদিনের সম্পর্কে ইতি ঘটেছে। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিল এই যুগল। তবে আচমকাই তাঁদের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে এবং তাঁদের ব্রেকআপের পেছনের আসল কারণও এবার প্রকাশ্যে এসেছে।
শর্বরী ওয়াঘ- সানি কৌশল
২০২০ সালে কবীর খানের ‘দ্য ফরগটন আর্মি- আজাদি কে লিয়ে’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করার সময় সানি ও শর্বরী একে অপরের প্রেমে পড়েন। তারপর থেকেই দুজনে ডেটিং শুরু করেন। যদিও সংবাদমাধ্যমের সামনে তাঁরা কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবুও বলিপাড়ায় তাঁদের সম্পর্কের গুঞ্জন ছিল ওপেন সিক্রেট। সানি কৌশল ‘গোল্ড’ (২০১৮), ‘শিদ্দত’ (২০২১), ‘চোর নিকল কে ভাগা’ (২০২৩) এবং ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ (২০২৪)-র মতো ছবিতে কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন। কিন্তু ‘মুঞ্জ্যা’ ছবির পর যখন শর্বরীর কেরিয়ারে এক বড় লাফ আসে, তখন থেকেই নাকি এই দুজনের সম্পর্কে দূরত্ব বাড়তে শুরু করে।
‘মুঞ্জ্যা’ এবং নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবির সাফল্যের পর শর্বরী এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত ও সফল তরুণী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন। পাশাপাশি যশরাজ ফিল্মসের (YRF) মতো বড় প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হওয়ায় তাঁর জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে গেছে।
বলিপাড়ার ভেতরের খবর অনুযায়ী, পেশাগত জীবনের এই তারতম্যই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরিয়েছে। অনেকেই এই জুটির বর্তমান পরিস্থিতির তুলনা অমিতাভ-জয়ার ক্লাসিক ছবি ‘অভিমান’-এর সঙ্গে করছেন। আজকের দিনে দাঁড়িয়ে শর্বরী সানি কৌশলের চেয়ে কেরিয়ার ও জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই এগিয়ে গেছেন। আর এই সাফল্যই দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে, যার ফলস্বরূপ ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে বলে জানা যাচ্ছে।
যদিও সানি বা শর্বরী কেউই এই বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে এরই মধ্যে শর্বরীর নাম জড়িয়েছে তাঁর সহ-অভিনেতা বেদান্ত রায়নার সঙ্গে। যদিও তাঁদের সাম্প্রতিক ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ বক্স অফিসে খুব একটা খাতা খুলতে পারেনি, তাও তাঁদের অফ-স্ক্রিন রসায়ন এবং ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সকলের নজর কেড়েছে। কাকতালীয়ভাবে, এর মাঝেই বেদান্তের সঙ্গেও তাঁর প্রেমিকা খুশি কাপুরের ব্রেকআপের খবর সামনে এসেছে। তবে শর্বরীর মতোই বেদান্তও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আপাতত স্পিকটি নট।