Shoaib Akhtar: সলমনের সঙ্গে অভিনয়ের সুযোগ শোয়েব আখতারের! কেন অফার ফেরান পাক খেলোয়াড়?

Shoaib Akhtar on Bollywood: একসময় রুপোলি পর্দা থেকেও রাজকীয় প্রস্তাব এসেছিল প্রাক্তন পাকিস্তানি গতিদানব শোয়েব আখতারের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন তথ্যই প্রকাশ্যে আনলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। জানালেন, খোদ বলিউড ভাইজান সলমন খানের ছবির প্রস্তাব তিনি স্রেফ ক্রিকেটকে প্রাধান্য দিতে গিয়ে ফিরিয়ে দিয়েছিলেন।

Shoaib Akhtar: সলমনের সঙ্গে অভিনয়ের সুযোগ শোয়েব আখতারের! কেন অফার ফেরান পাক খেলোয়াড়?

|

Aug 26, 2026 | 5:26 PM

ক্রিকেট পিচে বল হাতে তাঁর গতি একসময় কাঁপিয়ে দিত পৃথিবীর ঝানু ব্যাটারদের। তবে কেবল ২২ গজে বল হাতে দৌড়ানোই নয়, একসময় রুপোলি পর্দা থেকেও রাজকীয় প্রস্তাব এসেছিল প্রাক্তন পাকিস্তানি গতিদানব শোয়েব আখতারের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন তথ্যই প্রকাশ্যে আনলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। জানালেন, খোদ বলিউড ভাইজান সলমন খানের ছবির প্রস্তাব তিনি স্রেফ ক্রিকেটকে প্রাধান্য দিতে গিয়ে ফিরিয়ে দিয়েছিলেন।

ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যখন কিছুটা স্বাভাবিক ছিল, ঠিক সেই সময়েই বলিউডে পা রাখার উজ্জ্বল সুযোগ পান শোয়েব। মহেশ ভাটের জনপ্রিয় ছবি ‘গ্যাংস্টার’-এ কাজ করার প্রস্তাব পান তিনি। যদিও পরে সেই ছবিতে কাজ করেন ইমরান হাশমি। এর পাশাপাশি সলমন খানও তাঁকে নিজের একটি ছবিতে অভিনয়ের অফার দিয়েছিলেন। তবে খেলা এবং অভিনয়— এই দুটি একেবারেই ভিন্ন জগৎকে একসঙ্গে টেনে নিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না বলেই সেই প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন শোয়েব।

বলিউডের গ্ল্যামার জগত এবং গসিপ নিয়ে মুখ খুলে প্রাক্তন এই ফাস্ট বোলার বলেন, “দুটো দুনিয়া একসঙ্গে সামলানো আমার পক্ষে অসম্ভব ছিল। বছরে ৬-৭ মাস ক্রিকেট খেলার পর বাকি ৬-৭ মাস শুটিংয়ে দিতে হতো। তাছাড়া গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে ঢুকলেই নানা সময়ে অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়ে গুঞ্জন শুরু হয়ে যেত। ৩-৪ জন পরিচালক তো আমাকে বলেছিলেন খলনায়কের চরিত্রের জন্য বিশেষ কিছুই করতে হবে না। কিন্তু আমার মনে হয়েছিল, দুটি নৌকায় পা দিয়ে চলা যাবে না।”

তবে ছবি না করলেও সলমন খানের ব্যক্তিত্ব ও মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ শোয়েব। তিনি জানান, “শারীরিক গঠনে আমার সঙ্গে সলমনের খানিক মিল থাকলেও, মানুষ হিসেবে সলমন আমার চেয়ে অনেক উঁচুতে। ওঁর দানধ্যান ও নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করার মানসিকতা সত্যিই অতুলনীয়। ওঁর সামনে আমি কিছুই নই।” একই সঙ্গে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যদি কখনও তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরি হয়, তবে পর্দায় ‘শোয়েব আখতার’ চরিত্রে যেন অভিনয় করেন সলমন খানই!

Loading...
Unable to load recommendations.
Follow Us