
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন আমির খান। ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর ছাদনাতলায় যাওয়ার খবর চাউর হতেই মায়ানগরীতে এখন উৎসবের মেজাজ। দীর্ঘ দুই বছরের প্রেম এবার পরিণতি পাচ্ছে ছিমছাম বিয়ের অনুষ্ঠানে। তবে আমির-গৌরীর এই অসম বয়সের বিয়ে নিয়ে যখন নেটপাড়ার একাংশ কটাক্ষ করতে ব্যস্ত, ঠিক তখনই এই জুটির পাশে এসে দাঁড়ালেন বলিউডের ভাইজান সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি।
হবু বর-কনেকে শুভেচ্ছা জানাতে গিয়ে সোমি সোশাল মিডিয়ায় যে দীর্ঘ বার্তা লিখেছেন, তার প্রতিটি ছত্রে যেন নিজের জীবনের অপূর্ণতা আর বিচ্ছেদের যন্ত্রণাও পরোক্ষভাবে ফুটে উঠেছে।
বিটাউনের এই হাই-প্রোফাইল বিয়ের ঠিক আগের দিন ইনস্টাগ্রামে আমির ও গৌরীর একটি মিষ্টি ছবি পোস্ট করেন সোমি আলি। নিন্দুকদের মুখে ছাই দিয়ে তিনি স্পষ্ট জানান, ভালোবাসার কোনও নির্দিষ্ট ক্যালেন্ডার বা বয়স হয় না। সোমি লিখেছেন, “জীবনের যেকোনও প্রান্তে এসে এমন একজনকে খুঁজে পাওয়া, যাঁর সঙ্গে বাকি জীবনটা কাটানো যায়—তা কুড়ি বছর বয়সের প্রেমের মতোই সুন্দর ও পবিত্র। নিজের ভালো থাকা বা সুখকে খুঁজে নেওয়ার মধ্যে কোনও দেরি বা খামতি থাকতে নেই। যে মন ভালোবাসতে জানে, তাকে উদযাপন করা উচিত, সমালোচনা নয়।”
আমিরের ৬০ বছর বয়সে এসে বিয়ে করা নিয়ে যাঁরা নীতিপুলিশি করছেন, তাঁদের উদ্দেশ্যে সোমি বলেন, “আজ যাঁরা তোমাদের বয়স নিয়ে বিচার করছেন, তাঁরা আসলে বোঝেন না যে আনন্দের কোনও বাঁধাধরা সময়সীমা থাকে না। বয়স তো কেবলই একটা সংখ্যা, আসল সম্পদ হল একসঙ্গে বুড়িয়ে ওঠার সাহস। জীবনের সবচেয়ে বড় সার্থকতা অল্প বয়সে ছাদনাতলায় যাওয়া নয়, বরং জীবনের যেকোনও পর্যায়ে এসে এমন একজন সঠিক মানুষকে খুঁজে পাওয়া, যাঁর হাতটা জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখা যায়।”
সোমি আলির এই আবেগঘন পোস্টের পর বলিপাড়ার অন্দরে ফিসফাস শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আমিরের নতুন জীবনের সাহসকে কুর্নিশ জানানোর পাশাপাশি সোমি নিজের একাকীত্ব এবং সলমন খানের সঙ্গে তাঁর ভাঙা সম্পর্কের যন্ত্রণাকেই নতুন করে উস্কে দিয়েছেন।