
৯ মে সাত পাকে বাঁধা পড়েছেন পর্দার সিদ্ধার্থ মোদক, অর্থাৎ সকলের প্রিয় আদৃত রায়। পর্দায় যিনি মিঠাই রানির সঙ্গে রোম্যান্সে ঝড় তুলেছিলেন। মিঠাই ধারাবাহিকে এই জুটির দুষ্টুমিষ্টি সম্পর্ক সকলের মন জয় করেছিল। একশ্রেণি মনেও করতেন, তাঁরা রিল নয়, বরং রিয়েল লাইফ জুটি। তবে বাস্তবে তেমনটা হয়নি। সৌমিতৃষা ও আদৃতের মধ্যে সম্পর্কের খবর যখন সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়, তখনই জানা যায় কৌশাম্বী চক্রবর্তীর কথা। আদৃত মন দিয়েছেন তাঁকেই। তারপরই শুরু হয় নয়া সফর, আদৃত বরাবরই নিজের জীবন প্রচারের আলোর বাইরে রাখতে চেয়েছেন। ব্যক্তি জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে সৌমিতৃষা বেজায় চনমনে, খোলামনে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিত্য যোগাযোগ রেখে চলেছেন তিনি।
তবে আদৃতের বিয়ের আসরে মিঠাই পরিবারের সকলকে দেখা গেলেও থাকলেন না সৌমিতৃষা। তা নিয়ে একশ্রেণি দস্তুর মত প্রশ্ন করলেও, যার উত্তর অনুমান করে নিতে সৌমিতৃষার ভক্তদের খুব একটা সময় লাগল না। তবে তিনি পিছিয়েও থাকলেন না। আদৃতের বিয়ের মরসুমেই ভক্তদের সুখবর দিলেন তিনি। প্রধান ছবি মুক্তির পর থেকেই সকলের মনে প্রশ্ন ছিল এর পর কোন ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। এবার শুরু হল সেই নয়া সফর। না, এই সফর কোনও জীবন সঙ্গীকে বেছে নেওয়া বা তাঁর হাত ধরে নতুন জীবন শুরু করার নয়, বরং পরবর্তী ছবির কাজ করতে চলেছেন তিনি। সোমবার অর্থাৎ ১৩ মে শুরু হল সেই ছবির কাজ। এখানে সৌমিতৃষার বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে। সোশ্যাল মিডিয়ায় সেই খবরই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি।