
সব জল্পনার অবসান। টেলিপাড়ার চর্চায় সিলমোহর দিয়ে ‘শুধু তোমারি জন্য’ ধারাবাহিককে বিদায় জানালেন অভিনেতা শুভ্রজিৎ সাহা। তবে কোনো মান-অভিমান বা প্রযোজনা সংস্থার সঙ্গে সংঘাত নয়, এক প্রকার বাধ্য হয়েই নিজের সাধের চরিত্র ‘রাহুল’ থেকে সরে দাঁড়াতে হলো তাঁকে। চিকিৎসকদের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক সপ্তাহ ধরে ভাঙা পা নিয়ে শুটিং চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা। কিন্তু শেষ রক্ষা হলো না। শরীর আর সঙ্গ না দেওয়ায় অত্যন্ত ভারী মনে শো ছাড়ার ঘোষণা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে নিজের এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন শুভ্রজিৎ।
অভিনয়ের প্রতি শুভ্রজিৎ-এর নিষ্ঠা দেখে স্তম্ভিত টলিপাড়া। অভিনেতা জানিয়েছেন, বেশ কিছুদিন আগেই তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। সেই গুরুতর চোট নিয়েই টানা দুই সপ্তাহ কাজ করে যান তিনি। শুভ্রজিৎ লিখেছেন, “সব কিছুর যেমন শুরু থাকে তেমনই শেষও থাকে। কিন্তু শেষটা যে এভাবে হবে তা কখনও ভাবিনি। এমআরআই রিপোর্ট হাতে আসার পর চিকিৎসকেরা জানান, বিশ্রাম না নিয়ে শুটিং করার ফলে পায়ে আরও বড় জটিলতা তৈরি হয়েছে। এর পর পায়ে প্লাস্টার করা হলেও আমি কাজ থামাইনি, কারণ গল্পের চলমান গতিটা আমি নষ্ট করতে চাইনি।”
ধারাবাহিকের প্রথম দিন থেকেই শুভ্রজিৎ-এর সফরটা সহজ ছিল না। প্রথম প্রোমো শুটিংয়ের ঠিক তিনদিন আগে তাঁর কপাল ফেটে সেলাই পড়েছিল, সেই অবস্থাতেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এমনকি ভালো শটের জন্য লাইফ জ্যাকেট ছাড়াই মেতেছিলেন সমুদ্রে জেট স্কিয়িংয়ে। কিন্তু এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
শুভ্রজিৎ জানান, তিনি প্রোডাকশনের কাছে দিনে ১০ ঘণ্টা বসে কাজ করার অনুমতি চেয়েছিলেন। ভেবেছিলেন সপ্তাহে অন্তত দু’দিন করে কাজ করে সামলে নেবেন। কিন্তু মেগার স্বার্থে দীর্ঘ সময়ের শুটিং প্রয়োজন ছিল। অভিনেতা বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত হুইলচেয়ারে বসে থাকা, সারাক্ষণ চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কোমর ও হাতের ব্যথা নিয়ে কাজ করা, তারপর বাড়ি ফিরে অসহ্য যন্ত্রণা সহ্য করা—আর সম্ভব হচ্ছিল না। যে পায়ের ভরসায় মানুষ দাঁড়ায়, আজ সেই পা-টাই আর সঙ্গ দিচ্ছে না।”
শো ছাড়ার মুহূর্তেও গল্পের প্রতি শুভ্রজিৎ-এর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা ফুটে উঠেছে তাঁর লেখায়। তিনি জানান, গল্পের স্বার্থকে এবং প্রযোজনা সংস্থার সিদ্ধান্তকে সম্মান জানিয়েই তিনি রাহুল চরিত্রটি থেকে বিদায় নিচ্ছেন। চরিত্রটি তাঁর মনের খুব কাছাকাছি থাকবে।
তবে বিনোদন জগত থেকে এই বিরতি যে সাময়িক, তাও স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা। দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “আপনাদের এতদিনের ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো রূপে, সুস্থ হয়ে। খুব শিগগিরই ফিরব শুধু আপনাদের ভালোবাসার জন্য।” সেই সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে তাঁর শেষ অনুরোধ, অভিনেতা বদলে গেলেও যেন ‘শুধু তোমারি জন্য’ ধারাবাহিকটিকে দর্শক একইভাবে ভালোবেসে যান। তবে ধারাবাহিকে শুভ্রজিতের জায়গায় থাকবে কোন অভিনেতা? সূত্রের খবর অভিনেতা সায়ন বসুর কাছে প্রস্তাব গিয়েছে।