
গত এক সপ্তাহ ধরে বাংলার নেটপাড়ার নজর আটকে সানি লিওনির ফেসবুক ওয়ালে। বিশেষ করে বাঙালি নেটিজেনরা তো সেকেন্ডে সেকেন্ডে স্ক্রোল করছেন তাঁর প্রোফাইল— যদি নতুন কোনো ‘ক্লু’ পাওয়া যায়! কিন্তু হঠাৎ সানিকে নিয়ে কেন এত মাতামাতি? কী এমন করলেন বি-টাউনের ‘বেবি ডল’?
যাঁরা সোশ্যাল মিডিয়ায় চব্বিশ ঘণ্টা অ্যাক্টিভ থাকেন, তাঁরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন পুরো ব্যাপারটা। সানি লিওনি আর মন্দারমণিকে জড়িয়ে এখন সরগরম গুঞ্জনপাড়া। গত কয়েকদিন ধরে সানি তাঁর সোশ্যাল মিডিয়ায় সমুদ্রের পটভূমিতে একের পর এক বোল্ড ছবি পোস্ট করছেন। আর প্রতিটা ছবির ক্যাপশনে জ্বলজ্বল করছে একটাই নাম— ‘মন্দারমণি’!
ব্যস, তাতেই তুঙ্গে উঠেছে জল্পনা। মালদ্বীপ, মায়ামি, গোয়া বা মুম্বইয়ের বিলাসবহুল বিচ ছেড়ে হঠাৎ বাংলার এই চেনা সৈকতে কী করছেন সানি? গুগলকে সার্চ করলেও, তো দুনিয়ার অন্য কোণায় মন্দারমণি নামের দেখা পাওয়া যায় না। তাহলে নতুন কোনও সিনেমার শুটিং, রিয়্যালিটি শো, নাকি বিজ্ঞাপনের কাজ? নাকি স্রেফ ছুটি কাটাতেই বাংলার এই সৈকতে এসেছেন? নেটদুনিয়ায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেলেও সানি নিজে কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। শুধু একের পর এক ছবিতে হ্যাশট্যাগ ‘মন্দারমণি’ লিখে রহস্য বাড়িয়েই চলেছেন।
এই রহস্যের জট খুলতে টিভি নাইন বাংলা সরাসরি খোঁজ নিয়েছিল মন্দারমণি উপকূলের স্থানীয় প্রশাসন ও হোটেল ব্যবসায়ীদের কাছে। কিন্তু চমকপ্রদ বিষয় হল, সানির আসার খবর নিয়ে তাঁদের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্যই নেই! তবে কি সানির এই ব্যাকগ্রাউন্ড আদতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কারসাজি? যদি তা-ও হয়, তবে পৃথিবীর এত বিচ থাকতে সানির এআই প্রম্পটে হঠাৎ মন্দারমণি কেন জায়গা পেল? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তাঁর অনুরাগী মহলকে।
মন্দারমণি সফরের গুঞ্জন নিজেই উস্কে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর একটি লুক সমাজমাধ্যমে তুমুল ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, কচি কলাপাতা রঙের ব্রালেট, তার ওপর সবুজ প্রিন্টেড শ্রাগ আর কো-অর্ড হট প্যান্ট। চোখে রোদচশমা আর চুলে উঁচুতে বাঁধা বিনুনি। সমুদ্রের ধারে পোজ দিয়ে সানি ক্যাপশনে লিখেছেন— “মালদ্বীপ বনাম মন্দারমণি”! অন্য একটি ছবিতে আবার লিখেছেন, ‘মন্দারমণি মুড’।
সানি যে সমুদ্র ভীষণ ভালোবাসেন, তা তাঁর ভক্তদের অজানা নয়। রঙিন বিকিনি বা মনোকিনিতে রৌদ্রস্নানের ছবি তিনি প্রায়ই শেয়ার করেন। তবে এবার বাঙালি নেটিজেনরা কোমর বেঁধে নেমেছেন রসিকতায়। কেউ কেউ তো কমেন্ট বক্সে লিখেই ফেলেছেন— “তবে কি এবার বাংলার পর্যটনকে এগিয়ে দিতে কোমর বাঁধছেন সানি?”
আগ্রহের পারদ যতই চড়ুক, এমনকী, গুঞ্জন রয়েছে সানি লিওনির রিয়্য়ালিটি শোয়ের স্পট হিসেবে নাকি বেছে নেওয়া হয়েছে এই মন্দারমণিকেই। আর সেই সূত্রেই তাঁর এই একের পর এক পোস্ট। তবে এসব রটলেও, আসল তথ্য জানার জন্য আগ্রহ বেড়েই চলেছে। পরিবার বা বন্ধুদের নিয়ে উইকএন্ডে একটু একান্তে সময় কাটানোর জন্য মন্দারমণির চেয়ে ভালো জায়গা আর কী-ই বা হতে পারে! কলকাতা থেকে গাড়ি নিয়ে মোটে চার ঘণ্টার পথ। তারপরই দিগন্ত বিস্তৃত নির্জন সৈকত আর আছড়ে পড়া ঢেউয়ের শব্দ। প্রকৃতির এই শান্ত রূপ উপভোগ করতেই কি তবে পা মেলাচ্ছেন সানি? উত্তর মিলবে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য শুধু ‘মন্দারমণি মুড’ উপভোগ করাই শ্রেয়!