
শনিবার (১০.০২.২০২৪) কলকাতার ইএম বাইপাসে অবস্থিত এক বেসরকারি হাসাপাতালে ভর্তি করানো হয় মিঠুনকে। অভিনেতা-বিধায়ক (তৃণমূল) সোহম চক্রবর্তীর প্রযোজনায় তৈরি ‘শাস্ত্রী’ ছবির শুটিং করতে কলকাতায় এসেছিলেন মিঠুন। ছবির প্রোডাকশন ম্যানেজার চন্দন সান্যাল জানিয়েছিলেন, শনিবার ময়দানে শুটিং হওয়ার কথা ছিল ছবির। তাঁর কথা অনুযায়ী, সেদিন শুটিং ফ্লোরেই যাননি মিঠুন। তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিঠুনকে হাসপাতালে ভর্তি করেছিলেন সোহম চক্রবর্তীই। সোমবার (১২.০২.২০২৪) হাসপাতাল থেকে বাড়িতে ছাড়া পেয়েছেন মিঠুন। ‘শাস্ত্রী’ ছবির প্রত্যেক কলাকুশলী থেকে শুরু করে আম বাঙালি উদ্বিগ্ন ছিলেন মিঠুনকে নিয়ে। এক খুদে শিল্পীর প্রাণ কেঁদে উঠেছিল সেই সময়।
সেই খুদে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। ২০২৩ সালের ২২ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘কাবুলিওয়ালা’-এ (রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তৈরি ছবি। পরিচালক সুমন ঘোষ) মিনির চরিত্রে অভিনয় করেছে সে। সেই ছবিতে ‘কাবুলিওয়ালা’র চরিত্রে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। বাচ্চাদের সঙ্গে মিঠুনের হৃদ্যতা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। ছোট্ট মিনি, থুড়ি অনুমেধাকেও তিনি ভীষণ ভালবাসা দিয়েছেন। আর অনুমেঘাও সেই স্নেহে সিক্ত হয়ে TV9 বাংলাকে বলেছে, “কাবুলিওয়ালা আঙ্কলকে আমি ভী-ঈ-ঈ-ঈ-ষণ ভালবাসি।”
কলকাতার অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী অনুমেঘা। বয়স মাত্র ৬। ৭৩ বছরে মিঠুন চক্রবর্তী কে, তাঁর সাফল্য কী-কী, কোনওটাই জানে না সে। অনুমেঘার কাছে মিঠুন চক্রবর্তী কেবলই ‘কাবুলিওয়ালা আঙ্কল’। সে জানে তাঁর কাবুলিওয়ালা আঙ্কল নাচতে জানে না। তাই সেটের মধ্যে জোরে-জোরে বলেই ফেলত ‘অখাদ্য’ নাচে। অনুমেঘার মা ঋতুপর্মা কাহালি TV9 বাংলাকে বলেন, “মিঠুন চক্রবর্তী যে ডিস্কো ডান্সার, দেশের অন্যতম সেরা অভিনেতা এবং নৃত্যশিল্পী আমার ৬ বছরের মেয়েটা সেটা জানে না। তবে ও ওর কাবুলিওয়ালা আঙ্কলকে ভীষণ ভালবাসে।” এও জানিয়েছেন, মিঠুন স্যর যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই একই হাসপাতালে জন্মেছিল অনুমেঘা। এটা জানার পর অনুমেঘা বলেছে, “কাবুলিওয়ালা আঙ্কল সেই হসপিট্যালেই ভর্তি হয়েছিল, যেখানে আমি হয়েছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেন। যাতে আমরা তাড়াতাড়ি আবার শুটিং করতে পারি। আমাকে বলেছিল, ‘তুমি ফায়ার, তুমি ব্রিলিয়্যান্ট, খুব ভাল অ্যাকট্রেস হবে’।”
অনুমেঘাকে তাঁর কাবুলিওয়ালা আঙ্কেলের সঙ্গে কেউ হাসপাতালে দেখা করাতে নিয়ে যাননি। আক্ষেপের সুরে খুদে তারকা বলেছে, “আমাকে কেউ নিয়ে যায়নি জানো… নিয়ে গেলে আমি আদর করে দিতাম।”