
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর প্রধান সি জোসেফ বিজয় ওরফে বিজয় থলপতি এবং তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের দীর্ঘ বৈবাহিক টানাপোড়েনের অবশেষে যবনিকা পড়ল। বিচ্ছেদের পথ সরিয়ে স্বামী বিজয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন সঙ্গীতা। শুক্রবার (৭ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে তিনি এই সিদ্ধান্ত জানানোর পর বিচারক মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ করে দেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু জেলা আদালতে বিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন সঙ্গীতা। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ার অভিযোগ তুলে খোরপোশের পাশাপাশি চেন্নাইয়ের নীলানকারাইয়ে অবস্থিত যৌথ বাসভবনে বসবাসের অধিকারও দাবি করেছিলেন তিনি। তবে মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বিজয়ের শপথ গ্রহণের পর এই পারিবারিক বিবাদটি আরও বেশি করে সংবাদ শিরোনামে চলে আসে।
এর আগে একাধিকবার নিরাপত্তা ও ব্যস্ততার কারণ দেখিয়ে এই দম্পতির কেউই সশরীরে আদালতে হাজির হননি। আইনজীবীদের আবেদনের ভিত্তিতে দফায় দফায় পিছিয়ে যায় শুনানি। গত মাসের শুনানিতেও দু’পক্ষের অনুপস্থিতির কারণে বিচারক ৭ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছিলেন। অবশেষে শুক্রবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সঙ্গীতা মামলা তুলে নেওয়ার কারণ জানালে দীর্ঘ জল্পনার অবসান ঘটে।
উল্লেখ্য, দীর্ঘ প্রেম ও সম্পর্কের পর ১৯৯৯ সালের ২৫ আগস্ট তামিল প্রথা মেনে চেন্নাইতে গাঁটছড়া বেঁধেছিলেন বিজয় ও সঙ্গীতা। তাঁদের এক পুত্র (জন্ম ২০০০) এবং এক কন্যাসন্তান (জন্ম ২০০৫) রয়েছে। সব বিতর্ক আর তিক্ততা পেছনে ফেলে অবশেষে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার পথেই হাঁটলেন এই হেভিওয়েট দম্পতি।