
সিনেমা হলের রুপোলি পর্দা হোক কিংবা ব্যক্তিগত জীবনের আড্ডা—হাতে বা ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট আর চোখ ধাঁধানো একটু মৃদু হাসি; ‘মহানায়ক’ উত্তম কুমারের এই দৃশ্য আজও বাঙালি চিরকাল মনে আগলে রেখেছে। তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর কেতাবি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট নিয়ে চর্চা কমেনি। আর সেই স্টাইলের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল তাঁর ধূমপানের সিগনেচার ভঙ্গি।
উত্তম কুমার যখন ঠোঁটের একপাশে জ্বলন্ত সিগারেট ঝুলিয়ে অবলীলায় দীর্ঘ ও কঠিন সংলাপ বলে যেতেন, দর্শক তখন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকত। কেবল সেলুলয়েডের পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তিনি ছিলেন অত্যন্ত স্টাইলিশ ধূমপায়ী। জানা যায়, ব্র্যান্ডের ব্যাপারে অত্যন্ত রুচিশীল ছিলেন মহানায়ক। তাঁর পছন্দের তালিকায় শীর্ষে ছিল ‘পলমল’ (Pall Mall) এবং ‘৫৫৫’ (State Express 555)। বিশেষ করে এই বিলিতি ব্র্যান্ডের সিগারেটই তিনি নিয়মিত সঙ্গে রাখতেন। শোনা যায়, এই দুটি ব্র্যান্ডের সিগারেট ছাড়া, কোনওদিনই নাকি অন্যকোনও ব্র্যান্ডের সিগারেট ঠোঁটে ছুঁয়ে দেখেননি মহানায়ক।
শুটিং সেটে বা আড্ডার আসরে তাঁর ধূমপান করার কায়দা নিয়ে সহকর্মী ও নির্দেশকদের স্মৃতিচারণায় উঠে এসেছে নানা মজার ও অনুভূতির কথা। অনেকেই জানিয়েছেন, শুটিংয়ের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় কিংবা সহকর্মীদের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন থাকার মুহূর্তে তিনি ধীরেসুঝে পকেট থেকে বিশেষ ব্র্যান্ডের প্যাকেট বের করে বেশ কায়দা করে সিগারেট ধরাতেন।
তবে কেবল নিজেই খেতেন তা নয়, রাজকীয় মেজাজের উত্তম কুমার আড্ডায় থাকা সহকর্মীদের দিকেও পরম সমাদরে নিজের সিগারেট বাড়িয়ে দিতেন। তাঁর এই আভিজাত্য, ভদ্রতা এবং ধোঁয়া উড়ানো স্বতন্ত্র ভঙ্গি আজও টলিউডের ইতিহাসের অন্যতম চর্চিত বিষয়। আর যে ধোঁয়া দিয়ে রিং বানানোর কায়দা নায়ক ছবিতে দেখিয়েছেন সত্যজিৎ। তা নাকি বাস্তব জীবনেও করতেন উত্তম।