
দিল্লির যন্তর মন্তরের গণ্ডি পেরিয়ে নিট (NEET) আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য প্রান্তেও। বাণিজ্যনগরী মুম্বইতেও সপ্তাহের শুরু থেকেই দেখা গিয়েছে প্রতিবাদের নানা কোলাজ। তবে তার মধ্যেই মুম্বইয়ের রাজপথের একটি বিশেষ ভিডিও সোশাল মিডিয়ায় সমস্ত নজর কেড়ে নিয়েছে। ভিডিওতে এক তরুণীকে একাই পুলিশি গাড়ির পথ আটকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে জানা যায়, তাঁর নাম রিয়া আহির। এই ঘটনার পরই রাতারাতি নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি।
পেশায় রিয়া একজন অভিনেত্রী, মডেল এবং উদ্যোগপতি। তবে শুধু গ্ল্যামার জগতেই সীমাবদ্ধ নন তিনি, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতেও বরাবরই সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁকে। ফলে এই ঘটনা তাঁর পরিচিতদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল না। অভিনয়ের বাইরে তিনি ‘রিয়াসাত’ নামের একটি হ্যান্ডমেড পোশাকের ব্র্যান্ড পরিচালনা করেন। পাশাপাশি নাচ এবং বেশ কিছু মিউজিক ভিডিওতেও তিনি অভিনয় করেছেন, যার মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘দিলবারা’ মিউজিক ভিডিওটি অন্যতম।
কিন্তু এসবের জন্য নয়, রিয়া এই মুহূর্তে খবরের শিরোনামে উঠে এসেছেন মুম্বইয়ের রাজপথে তাঁর দুঃসাহসিক পদক্ষেপের কারণে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রিয়া যখন দাদরের কোহিনূর স্কয়ার থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছিলেন, তখন রাস্তায় একটি পুলিশের ভ্যান দেখতে পান। গাড়িটিতে আন্দোলন চলাকালীন আটক করা একদল শিক্ষার্থী ছিলেন।
মুহূর্তের দ্বিধা না করে রিয়া সোজা হেঁটে গিয়ে ভ্যানটির ঠিক সামনে দাঁড়িয়ে পথ আটকে দেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড়।
সূত্রের খবর, সেখানে পুলিশ ও রিয়ার মধ্যে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় চলে। পুলিশ কর্তারা জানান, আটক পড়ুয়াদের প্রক্রিয়াকরণ শেষে ছেড়েই দেওয়া হবে, তবে এই মুহূর্তে মাঝরাস্তায় নয়। কিন্তু রিয়া সেই যুক্তি মানতে চাননি। তাঁর স্পষ্ট দাবি ছিল, যখন ছেড়েই দেওয়া হবে, তখন এই মুহূর্তে তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে না কেন?
তিনি একচুলও নড়েননি তাঁর জায়গা থেকে। অবশেষে রিয়ার সেই একরোখা জেদের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। খবর অনুযায়ী, ঘটনাস্থলেই পুলিশ ভ্যানে থাকা সমস্ত আটক শিক্ষার্থীকে মুক্ত করে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা মুক্তি পাওয়ার পরই রিয়া পথ ছেড়ে পাশে সরে দাঁড়ান।
সোশাল মিডিয়ায় ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর থেকেই সর্বস্তরে রিয়ার এই সাহসিকতার প্রশংসার ঝড় উঠেছে। চাপের মুখে দাঁড়িয়ে নতিস্বীকার না করার এই মানসিকতাকে অভিবাদন জানিয়েছেন নেটিজেনরা।
ঘটনার পর কী বললেন রিয়া?
এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিয়া অত্যন্ত চাঁচাছোলা ভাষায় নিজের মতামত ব্যক্ত করেন। তিনি জানান, পুলিশ প্রশাসন যেভাবে দায়িত্ব পালন করা উচিত ছিল, তা করেনি। তাঁর মতে, যখন কর্তৃপক্ষ নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষকেই পরস্পরের রক্ষক হিসেবে এগিয়ে আসতে হয়।