Yash: রাবণ হতে কোন চাপে পড়তে হয়েছে যশকে? মুখ খুললেন দক্ষিণী নায়ক

Ramayana Movie Yash As Ravana: ‘কেজিএফ’ খ্যাত এই তারকা বলেন, "যদি একটি চরিত্র সম্পর্কে দর্শকরা আগে থেকেই স্পষ্ট জানেন, তবে অভিনেতা হিসেবে কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। যখন একদম নতুন কোনও গল্পের নতুন চরিত্র হয়, আপনি যা করবেন সেটাই শেষ কথা।

Yash: রাবণ হতে কোন চাপে পড়তে হয়েছে যশকে? মুখ খুললেন দক্ষিণী নায়ক

|

Jul 27, 2026 | 1:08 PM

‘রামায়ণ’-এর প্রচার পর্বে রাবণ চরিত্রটি ফুটিয়ে তোলার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন কন্নড় তারকা যশ। ভারতীয় পুরাণের অন্যতম প্রভাবশালী ও আইকনিক এক খলচরিত্রের জুতোয় পা গলানো যে কতটা কঠিন, সে কথা খোলামেলাভাবে শেয়ার করেছেন তিনি। শিশুকালে শোনা প্রথম গল্পগুলির অন্যতম ছিল ‘রামায়ণ’, তাই দেশবাসীর মনের অতি পরিচিত এই চরিত্রকে পর্দায় নতুনভাবে ফুটিয়ে তোলা বেশ চাপেরই ছিল বলে জানান এই অভিনেতা।

সহ-অভিনেতা রণবীর কাপুর, পরিচালক নিতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার উপস্থিতিতে ‘আইজিএন’ (IGN)-কে দেওয়া এক সাক্ষাৎকারে যশ জানান, সাধারণ মানুষের মনে আগে থেকেই রাবণ চরিত্রটি নিয়ে একটি নির্দিষ্ট প্রতিচ্ছবি তৈরি হয়ে আছে, যা এই চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করেছে।

‘কেজিএফ’ খ্যাত এই তারকা বলেন, “যদি একটি চরিত্র সম্পর্কে দর্শকরা আগে থেকেই স্পষ্ট জানেন, তবে অভিনেতা হিসেবে কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। যখন একদম নতুন কোনও গল্পের নতুন চরিত্র হয়, আপনি যা করবেন সেটাই শেষ কথা। কিন্তু যখন বহু অভিনেতা আগে বিভিন্নভাবে একটি নির্দিষ্ট চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন এবং মানুষ সেই অনুযায়ী একটি প্রতিচ্ছবি মনের মধ্যে এঁকে রেখেছেন, তখন একজন অভিনেতার ওপর স্বাভাবিকভাবেই অতিরিক্ত চাপ তৈরি হয়।”

৪০ বছর বয়সী এই তারকা আরও জানান, এই চরিত্রটির প্রস্তুতির সময় তিনি মূলত রাবণের মানসিকতা, তাঁর চিন্তাভাবনা এবং প্রতিটি কাজের পেছনের আসল উদ্দেশ্যগুলো বোঝার ওপর বেশি জোর দিয়েছেন।

ছোটবেলার স্মৃতি রোমন্থন করে যশ বলেন, “ছোটবেলায় আমরা সবাই এই মহাকাব্যের গল্প শুনেছি। সম্ভবত আমার শোনা প্রথম গল্পও ছিল এটাই। আমার দাদু আমাকে এই গল্পগুলি শোনাতেন। প্রতিটি মানুষের কল্পনায় সেই চরিত্রগুলোর একটা নিজস্ব ছবি তৈরি থাকে, তাছাড়া বহু মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে অভিনেতা হিসেবে আমি নতুন কী নিয়ে আসতে পারছি এবং চরিত্রটি সম্পর্কে আমার নিজস্ব উপলব্ধি কী, সেটাই ছিল মূল পরীক্ষার। তবে ভাগ্যবশত আমার পরিচালক ও লেখকরা আমাকে সেই স্বাধীনতাটুকু দিয়েছেন, যাতে আমি এই চরিত্রটিকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে পারি।”

উল্লেখ্য, সান দিয়েগো কমিক-কন-এ ‘রামায়ণ’ টিমের এই বহুল প্রতীক্ষিত উপস্থিতি উপলক্ষে শুক্রবার, ২৪ জুলাই সকালে বিশ্বজুড়ে ছবিটির অফিসিয়াল ট্রেইলার মুক্তির কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রযোজক নমিত মালহোত্রা এক বিবৃতির মাধ্যমে জানান যে, ট্রেইলার মুক্তি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

Follow Us