AVM Shakti Sharma: ভারতীয় বায়ুসেনায় নয়া ইতিহাস, প্রথম নন-মেডিক্যাল মহিলা এভিএম শক্তি শর্মাকে চেনেন?

Indian Air Force: ১৯৯৪ সালের ৮ জুন ভারতীয় বায়ুসেনাতে যোগ দেন শক্তি শর্মা। প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি বায়ুসেনার অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে দায়িত্ব সামলিয়েছেন। ট্রেনিং সেন্টার হোক বা কমান্ড হেডকোয়ার্টার্স - সর্বত্র বিচরণ করেছেন শক্তি।

AVM Shakti Sharma: ভারতীয় বায়ুসেনায় নয়া ইতিহাস, প্রথম নন-মেডিক্যাল মহিলা এভিএম শক্তি শর্মাকে চেনেন?
এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মাImage Credit source: (@IAF_MCC/X via PTI Photo

| Edited By: Moumita Das

Sep 02, 2026 | 1:53 PM

নয়াদিল্লি : ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত মহিলাদের মধ্যে নতুন ইতিহাস তৈরি করলেন এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা। ভারতীয় সশস্ত্র বাহিনীর নন-মেডিক্যাল শাখা থেকে প্রথম মহিলা অফিসার হিসেবে এভিএম পদে পৌঁছেছেন তিনি। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এবার এয়ার হেডকোয়ার্টার্সে অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (এডুকেশন) হিসেবে কাজ করবেন শক্তি শর্মা। ভারতীয় মহিলাদের জন্য এটি একটি বড় সাফল্য।

কে এই শক্তি শর্মা?

১৯৯৪ সালের ৮ জুন ভারতীয় বায়ুসেনাতে যোগ দেন শক্তি শর্মা। প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি বায়ুসেনার অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে দায়িত্ব সামলিয়েছেন। ট্রেনিং সেন্টার হোক বা কমান্ড হেডকোয়ার্টার্স – সর্বত্র বিচরণ করেছেন শক্তি। কর্মজীবনের একটা বড় সময় তিনি ইন্ডিয়ান আর্মির এডুকেশন বিভাগে কাজ করেছেন। বায়ুসেনার এডুকেনশন সিস্টেম আরও উন্নত করা ও দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আর্মির যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি।

IIT কানপুর ও পুণে বিশ্ববিদ্যালয়ে IAF Chairs of Excellence তৈরির ক্ষেত্রেও তাঁর অপরিসীম ভূমিকা ছিল। যদিও, অতীতে শক্তি ট্রাই-সার্ভিসেসের প্রথম মহিলা অফিসার হিসেবে কোনও আর্মি স্কুলের দায়িত্ব সামলিয়েছেন। আর্মি স্কুল, কপুরথালার প্রিন্সিপালও ছিলেন তিনি। সেখানে ছাত্র ছাত্রীদের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে উৎসাহ দিতেন তিনি।

কেন এটি গুরুত্বপূর্ণ?

শক্তি শর্মার পদোন্নতি গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ, তিনি নন-মেডিক্যাল শাখা থেকে প্রথম মহিলা অফিসার হিসেবে এই পদে এসেছেন। এর আগে মার্শাল পদ্মা বন্দ্যোপাধ্যায় ২০০২ সালে ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা এভিএম হয়েছিলেন। পরে তিনি প্রথম মহিলা এয়ার মার্শালও হন। তবে তাঁর কর্মজীবন ছিল মেডিক্যাল পরিষেবার সঙ্গে যুক্ত।

সাম্প্রতিক সময়ে ভারতীয় বায়ুসেনাতে একের পর এক নতুন ইতিহাস গড়ছেন মহিলারা। ২০২৩ সালে গ্ৰুপ ক্যাপ্টেন শালিজা ধামি প্রথম মহিলা অফিসার হিসেবে একটি ফ্রন্টলাইন কম্ব্যাট ইউনিটের দায়িত্ব পান। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থও সম্প্রতি প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে ফাইটার কম্ব্যাট লিডার কোর্স করেছেন।

সুতরাং, এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মার পদোন্নতি আবার দেখিয়ে দিল, ভারতীয় আর্মিতে মহিলারা এখন আরও বড় দায়িত্ব সামলাচ্ছেন ও একের পর এক নতুন ইতিহাস তৈরি করছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us