
নয়াদিল্লি: ১১ বছর। প্রায় এক যুগ পর এবার ভারতীয় জনতা পার্টির (BJP) সোশ্যাল মিডিয়ার ইনচার্জ বদল হল। অমিত মালব্যর কাছ থেকে বিজেপির আইটি সেলের দায়িত্ব পেলেন দীপক মহস্কে। তাঁকে জাতীয় সোশ্যাল মিডিয়া কনভেনরের দায়িত্ব দিয়ে বিজেপি যে তাদের ডিজিটাল কৌশল আরও শক্তিশালী করতে চাইছে, সেই বার্তাই দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দলের সোশ্যাল মিডিয়া প্রচার এবং ডিজিটাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত দীপক।
কে এই দীপক মহস্কে?
বছর আটান্নর দীপক মহস্কে ছত্তীসগঢ়ের বিজেপি নেতা। এর আগে তিনি গেরুয়া শিবিরের জাতীয় মুখপাত্রের দায়িত্বও সামলেছেন। দলের সংগঠন এবং মিডিয়া সংক্রান্ত কাজেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। রায়পুরের রবিশঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে MSc করেছেন তিনি। ওই বিশ্ববিদ্যালয় থেকেই সিমেন্ট রসায়নে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। একটি কলেজের রসায়নের অধ্যাপক হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। গত বছর তাঁকে ছত্তীসগঢ় মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের (CGMSC) চেয়ারম্যান করা হয়। যা একজন মন্ত্রীর পদমর্যাদার সমান।
উদ্যমী ও কৌশলী নেতা-
রায়পুরের বাসিন্দা দীপক মহস্ক বিজেপির প্রযুক্তি-বান্ধব, উদ্যমী এবং কৌশলী তরুণ নেতা হিসেবে পরিচিত। দলের ডিজিটাল প্রচার এবং সোশ্যাল মিডিয়া উইংকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আসন্ন নির্বাচন এবং বর্তমান ডিজিটাল পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁর কৌশলগত দক্ষতার উপর আস্থা রেখেই তাঁকে এই গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
নিতিন নবীনের ঘনিষ্ঠ দীপক-
বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এর আগে ছত্তীসগঢ়ের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। সেই সময় ছত্তীসগঢ়ে দীপক মহস্ক নিতিন নবীনকে যথেষ্ট সাহায্য করেছিলেন। মনে করা হচ্ছে, নিতিন নবীনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই দীপককে জাতীয় সোশ্যাল মিডিয়া কনভেনরের দায়িত্ব দেওয়া হয়েছে।
২০১৫ সাল থেকে দায়িত্বে ছিলেন অমিত মালব্য-
২০১৪-১৫ সাল থেকে টানা বিজেপির আইটি সেলের জাতীয় কনভেনর হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন অমিত মালব্য। এই সময়ের মধ্যে দলের একাধিক জাতীয় সভাপতি বদলালেও নিজের পদে বহাল ছিলেন তিনি। তবে নিতিন নবীনের নতুন টিম গঠনের সঙ্গে সঙ্গেই তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কার্যকারিণীতে প্রীতি গান্ধীকে আইটি সেলের সহ-কনভেনর করা হয়েছে।
বিজেপির নতুন টিমকে শুভেচ্ছা অমিত মালব্যর-
বিজেপির নতুন টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত মালব্য। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি লেখেন, বিজেপির নবনিযুক্ত সমস্ত পদাধিকারীকে শুভেচ্ছা। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের নিয়োগ করা হয়েছে, যখন দল নতুন উচ্চতায় পৌঁছনোর পাশাপাশি নিজেদের বার্তা ও সংগঠনকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
দীপক মহস্ককে শুভেচ্ছা জানিয়ে মালব্য লেখেন, “আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই দীপক মহস্কজিকে, যিনি বিজেপির সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান হিসেবে আমার জায়গা নেবেন।” পাশাপাশি সহ-কনভেনর প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, অলোক ভট্ট এবং অরুণ যাদবকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
দীপক মহস্কের উপর আস্থা-
অমিত মালব্য আরও লেখেন, গত এক দশকে তাঁদের সকলের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ তাঁর হয়েছে। দীপকের নেতৃত্বে বিজেপির ডিজিটাল কমিউনিকেশন নতুন উচ্চতায় পৌঁছবে এবং পূর্ণ আস্থা, সৃজনশীলতা ও স্বচ্ছতার সঙ্গে ভারতের জন-আলোচনাকে প্রভাবিত করতে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিশাল সমর্থকগোষ্ঠীকেও ধন্যবাদ জানিয়েছেন অমিত মালব্য। তাঁর কথায়, এই গোষ্ঠী প্রতিশ্রুতি, উদ্যম এবং নতুন চিন্তাভাবনায় ভরপুর। দলের উত্থান-পতনের প্রতিটি মুহূর্তে তাঁরা ঐক্যবদ্ধ থেকেছেন এবং ভারতের জন-আলোচনাকে নতুন দিশা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
১১ বছর বিজেপির আইটি সেলের নেতৃত্ব-
অমিত মালব্য জানিয়েছেন, গত ১১ বছর ধরে এই বিভাগের নেতৃত্ব দেওয়ার সময় তিনি দলের বহু কর্মী-সমর্থকের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পেয়েছেন। সেই মুহূর্তগুলি তাঁর কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে। আগামী দিনেও দল এবং তাঁর পর দায়িত্বে আসা নেতৃত্বকে সকলে পূর্ণ সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।