Delhi teen shot dead: টুপি নিয়ে ঝামেলা, নাবালক সন্তানের হাতে বন্দুক তুলে দিল মা-ই

Delhi teen shot dead: পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুফিয়ান। কৈলাশ নগর এলাকায় বাড়ি। শনিবার টুপি নিয়ে বছর উনিশের সুফিয়ানের সঙ্গে দুই নাবালকের বিবাদ হয়। তখন ওই যুবক দুই নাবালককে থাপ্পড় মারেন বলে অভিযোগ। তারপরই তাঁকে খুনের ছক কষে দুই নাবালক।

Delhi teen shot dead: টুপি নিয়ে ঝামেলা, নাবালক সন্তানের হাতে বন্দুক তুলে দিল মা-ই
প্রতীকী ছবি

Nov 03, 2024 | 10:14 PM

নয়াদিল্লি: টুপি নিয়ে সামান্য ঝামেলা। তার জেরেই এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল কয়েকজন নাবালকের বিরুদ্ধে। এমনকি, অভিযুক্ত এক নাবালকের মা-ই তাঁর সন্তানের হাতে বন্দুক তুলে দেন। শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারায়। তিন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুফিয়ান। কৈলাশ নগর এলাকায় বাড়ি। শনিবার টুপি নিয়ে বছর উনিশের সুফিয়ানের সঙ্গে দুই নাবালকের বিবাদ হয়। তখন ওই যুবক দুই নাবালককে থাপ্পড় মারেন বলে অভিযোগ। তারপরই তাঁকে খুনের ছক কষে দুই নাবালক।

এক পুলিশ অফিসার বলেন, “গুলি চলার খবর পেয়ে গান্ধীনগর পুলিশ স্টেশনের পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। সুফিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।”

ঘটনার পর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। দিল্লি ও গাজিয়াবাদ থেকে তিন নাবালককে ধরা হয়। আরও এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে। এক অভিযুক্তের মায়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই মহিলা নাবালক সন্তানের হাতে পিস্তল তুলে দেন বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে একটি স্কুটার ও একটি দেশি পিস্তল পাওয়া গিয়েছে। পুলিশ মনে করছে, যুবককে খুনে এই পিস্তলই ব্যবহার করা হয়েছে

কয়েকদিন আগে শাহদারাতেই এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। তাঁকে মারতে সুপারি দিয়েছিল তাঁর দূর সম্পর্কের এক কিশোর আত্মীয়। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও হয়। আইনশৃঙ্খলা রক্ষায় উপরাজ্যপাল কোনও পদক্ষেপ করছেন না বলে অভিযোগ করে আম আদমি পার্টি। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নাবালকদের হাতে খুন হতে হল এক যুবককে।

Follow Us