Fuel Use Control: শুধু ওয়ার্ক ফ্রম হোম নয়, এসি-র তাপমাত্রাতেও রাশ টানা হয়েছে বিশ্বের একাধিক দেশে

১৮টি দেশে এমন ব্যবস্থা চালু করা হয়েছে যাতে প্রত্যেকে একদিন অন্তর রাস্তায় গাড়ি বের করে। ওয়ার্ক ফ্রম হোম চালু করার পাশাপাশি একাধিক দেশের সরকার এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দিচ্ছে। এ ব্যাপারে নানারকম প্রচারও চালানো হচ্ছে।

Fuel Use Control: শুধু ওয়ার্ক ফ্রম হোম নয়, এসি-র তাপমাত্রাতেও রাশ টানা হয়েছে বিশ্বের একাধিক দেশে
Image Credit source: PTI

May 12, 2026 | 5:17 PM

নয়া দিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত। জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে বারবার বিভিন্ন দেশের নাগরিকদের পরামর্শ দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাও তারই অংশ। সম্প্রতি নরেন্দ্র মোদী পরামর্শ দিয়েছেন, যাতে অনলাইন ক্লাস ও বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা হয়। এক বছর সোনা কেনার ক্ষেত্রেও রাশ টানতে বলেছেন মোদী। তবে শুধু এ দেশে নয়, একাধিক দেশে ইতিমধ্যেই চালু করা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম, কমানো হয়েছে গাড়ির গতি।

বিশ্বের অন্তত ৪০টি দেশ জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ এনেছে। কোথাও কোথাও শুল্ক কমানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনটি দেশে রান্নার গ্যাস ও রান্নার তেল ব্যবহার সরাসরি কমানো হয়েছে। সেই সব দেশে সিলিন্ডার অর্ধেক ভরা বা পিএনজি ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

ওয়ার্ক ফ্রম হোম

১৮টি দেশে এমন ব্যবস্থা চালু করা হয়েছে যাতে প্রত্যেকে একদিন অন্তর রাস্তায় গাড়ি বের করে। ওয়ার্ক ফ্রম হোম চালু করার পাশাপাশি একাধিক দেশের সরকার এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দিচ্ছে।

পাকিস্তানে ৪ দিন অফিসে যেতে হচ্ছে, সেই সঙ্গে অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করার সুযোগ পাচ্ছে। ইন্দোনেশিয়ায় সপ্তাহে একদিন ও কোরিয়ায় একদিন করে বন্ধ রাখা হচ্ছে অফিস। কম্বোডিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, পেরু, মিশরেও রয়েছে এই ব্যবস্থা।

এসি-র তাপমাত্রা নিয়ন্ত্রণ

জ্বালানির খরচ কমাতে এসি-র তাপমাত্রাও বেঁধে দেওয়া হয়েছে কোনও কোনও দেশে। বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জর্ডনে এসি-র তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে।

বিমানযাত্রায় নিয়ন্ত্রণ

পাকিস্তান, কোরিয়া, পানামা, তাঞ্জানিয়া, মিশর, ইন্দোনেশিয়ার মতো দেশে সরকারি অফিসারদের বিদেশ ভ্রমণেও রাশ টেনেছে সরকার।

অনলাইন ক্লাস

এছাড়াও বিভিন্ন দেশে স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন পাকিস্তানে ১০০ শতাংশ অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে, শ্রীলঙ্কায় বুধবার করে স্কুল বন্ধ রাখা হচ্ছে। বাংলাদেশের বন্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস।

এছাড়া মলদ্বীপ, নেপালে সিলিন্ডার অর্ধেক ভরা হচ্ছে, শ্রীলঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে বিলবোর্ডের আলো, ফ্রান্স, ইউকে, চিলিতে বাড়ানো হচ্ছে ইভি-র ব্যবহার। নেদারল্যান্ড, স্পেনে বসানো হচ্ছে সোলার ইন্সটলেশন।

Follow Us