Students protest: ফের জেন-Z’র বড় জয়, পরীক্ষা বাতিল করতে চলেছে এই সরকার

Jharkhand Govt May Cancel 3 Exams Amid Student Protest: গত কয়েকদিনে ছাত্রদের বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছে রাজ্য সরকার। আলোচনায় কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI, ঝাড়খণ্ড ছাত্র মোর্চা (JCM) এবং আদিবাসী ছাত্র সংঘ (ACS)-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

Students protest: ফের জেন-Zর বড় জয়, পরীক্ষা বাতিল করতে চলেছে এই সরকার
পড়ুয়াদের আন্দোলনে পিছু হটল ঝাড়খণ্ড সরকারImage Credit source: TV9 Bharatvarsh

Aug 09, 2026 | 6:41 PM

রাচী: পড়ুয়াদের টানা আন্দোলন। এবার পিছু হটছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের আন্দোলনের জেরে তিনটি পরীক্ষা বাতিল করতে পারে ঝাড়খণ্ড সরকার। রবিবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমনই প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আন্দোলন ইতিমধ্যেই ১৬ দিনে পড়েছে।

সূত্রের খবর, ২০২৩ এবং ২০২৫ সালের ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ১৪তম প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবারের বৈঠকে রাজ্য সরকার পরীক্ষায় অনিয়মের অভিযোগের সঙ্গে যুক্ত আর্থিক লেনদেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে দিয়ে খতিয়ে দেখানোর বিষয়ে সম্মতি জানিয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, লখনউয়ের বেসরকারি পরীক্ষা পরিচালনাকারী সংস্থা TDPL যে সমস্ত পরীক্ষা নিয়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে। পাশাপাশি, JPSC এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-র সংস্কারের জন্য IIM এবং XISS-র সাহায্য নেওয়া হবে। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবে রাজ্য সরকার।

সরকারের সঙ্গে গত দু’দিন ধরে ছাত্র সংগঠনগুলির একাধিক দফায় আলোচনা চললেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। এরপরই রবিবার ফের বৈঠকে বসে দু’পক্ষ। ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহতো অনির্দিষ্টকালের অনশনে বসেছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আরও এক আন্দোলনকারী রাহুল ক্রান্তিম অনশনে রয়েছেন এবং তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবমিলিয়ে ছয়জন আন্দোলনকারী অনশনে রয়েছেন।

গত কয়েকদিনে ছাত্রদের বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছে রাজ্য সরকার। আলোচনায় কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI, ঝাড়খণ্ড ছাত্র মোর্চা (JCM) এবং আদিবাসী ছাত্র সংঘ (ACS)-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, “আজ এই সরকার যখন শক্তিশালী হয়ে উঠছে, তখন অনেকেই তা মেনে নিতে পারছেন না। তাঁরা মুখ লুকিয়ে, ছদ্মবেশ বদলে কিংবা নেপথ্যে থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন। প্রতিটি সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব, লাঠি বা গুলি চালিয়ে নয়।”

দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে কটাক্ষ করে তিনি আরও বলেন, “লাঠি ও গুলি সীমান্তে, দেশের শত্রুদের বিরুদ্ধে ব্যবহারের জন্য। নিজেদের দেশের মানুষের বিরুদ্ধে, নিজেদের ঘরের মধ্যে শক্তি প্রয়োগ করে কোনও সমস্যার সমাধান হয় না। যুব সমাজের আবেগ ও উদ্বেগ আমাদেরও উদ্বেগ। আজ আমি সাংবিধানিক পদে রয়েছি। আমি সম্পূর্ণ আশ্বাস দিচ্ছি, স্বচ্ছতার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

প্রসঙ্গত, JPSC পরীক্ষায় অনিয়মের অভিযোগের ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, JPSC-এর প্রাক্তন প্যানেল চেয়ারম্যান এল খিয়াংতে-কে গত ২৮ জুলাই থেকে এখনও পর্যন্ত চারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us