
কলকাতা: রাজনীতির ধারেকাছে তাঁকে খুব একটা দেখা যায়নি কোনওদিনই। শহরের বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকলেও মল্লিক পরিবারের মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) চিরকালই ‘অরাজনৈতিক’ অবস্থান নিয়েছেন। টলিপাড়ার তর্ক-বিতর্কেও বিশেষ জায়গা ছিল না কোয়েলের। সেই অভিনেত্রীই আচমকা তৃণমূলের হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়ে যাওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। শপথ নেওয়ার ৬৬ দিনের মাথায় এল তাঁর ইস্তফা দেওয়ার খবর।
একে একে তৃণমূলের রাজ্যসভার তিন সাংসদ পদত্যাগ করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন তাঁরা। আর এবার কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। গত কয়েকদিন ধরেই কোয়েল চুপচাপ। তৃণমূলের এহেন বিপর্যয়ের পরও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে একটা শব্দও খরচ করেননি। দিল্লি যাওয়ারও কোনও খবর নেই। তবে, সূত্রের খবর কলকাতা থেকে ইমেইল করে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
তবে এ ব্যাপারে কোয়েল এখনও মুখ খোলেননি। অভিনেত্রী ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর টিমকে প্রশ্ন করা হলে, তারা জানায়, তাদের কাছে এই সম্পর্কিত কোনও তথ্য নেই। কোয়েল মল্লিকের বাবা, অভিনেতা রঞ্জিৎ মল্লিকের সঙ্গেও ফোনে যোগাযোগ করা যায়নি। রঞ্জিত মল্লিকের বাড়িতে ফোন করা হলে জানানো হয়, ‘এই ব্যাপারে যা বলার কোয়েল জানাবেন’।
গত ৬ এপ্রিল দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল। শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।” সংবাদমাধ্যমে বলেছিলেন, “দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।” ভোট প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। তবে পরাজয়ের পর আর কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে।
কোয়েলের আগে তৃণমূলের আরও তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করেছেন। তবে তাঁরা কেউই দলবদলের কথা জানাননি।