
নয়াদিল্লি: দেশের অন্দরে মিটেছে নির্বাচনী পর্ব। দিল্লির বড় পরীক্ষায় বিশাল ব্য়বধানে উত্তীর্ণ হয়েছে বিজেপি। আপাতত আর নেই ভোটের পালা। যেটা আছে সেটাও অনেক দূরে। তাই তার আগে যথারীতি আন্তর্জাতিক সেতুগুলিকে আরও পোক্ত করতে বাড়তি জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার তিনি গেলেন ফ্রান্স সফরে। বুধবার সেখান থেকেই উড়ে যাবেন আমেরিকার দিকে। মূলত, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর আমন্ত্রণেই সেদেশে গিয়েছেন মোদী। যোগ দেবেন প্য়ারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকেও। নিজের শাসনকালে এই নিয়ে চতুর্থবার সেদেশে পা দিলেন প্রধানমন্ত্রী।
বলা চলে, মোদীর শাসনকালের সময় থেকেই ফ্রান্সের সঙ্গে পোক্ত হয়েছে ভারতের সম্পর্কের সেতু। আর সেই সূত্র ধরে দুই দেশের মধ্য়ে বেড়েছে বাণিজ্য।
একটি রিপোর্ট অনুযায়ী, মোদী আমলের আগে ফ্রান্স থেকে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১৮ হাজার কোটি টাকা। সেখানে ২০১৪ সালের পর থেকে আজ অবধি সেই বিনিয়োগ বেড়ে হয়েছে তিন গুণ। এখনও পর্যন্ত ভারতে ৫৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ম্যাকরোঁর দেশ।
তবে চলতি বছরের ফ্রান্স সফরে যে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকে যোগ দিচ্ছেন মোদী এমনটা নয়। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী জানাচ্ছেন, সেই বৈঠকে যোগ দেওয়া ছাড়াও, সেখানে উপস্থিত উচ্চস্তরের নেতা ও রাষ্ট্রনেতাদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈঠকে বসবেন মোদী। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বসবেন দ্বিপাক্ষিক বৈঠকে। যেখানে মূলত দুই দেশের মধ্য়ে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশল নিয়ে আলোচনা করবেন তাঁরা।