
ইম্ফল: গত বছর সোশ্যাল মিডিয়ায় মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিয়ো (টিভিনাইন বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ভাইরাল হয়েছিল। যা ঘিরে এখনও রাজনৈতিক চাপানউতর জারি। ভোটের আবহে মণিপুরের আইনশৃঙ্খলা, নারীদের সুরক্ষা এবং প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বারবার সরব হচ্ছে। এবার পাল্টা মুখ খুললেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর দাবি, প্রধানমন্ত্রীকে অসম্মান করার জন্যই বিরোধীরা এই কাজ করেছে।
মণিপুরে কুকি ও মেইতেই জনজাতির মধ্যে সংরক্ষণ নিয়ে বিবাদ, সংঘর্ষ, অশান্তি গত বছর চরম আকার নেয়। বিশেষ করে দুই কুকি মহিলার ভিডিয়ো ভাইরাল হওয়ায় চাপ বাড়ে সে রাজ্যের সরকারের উপর। প্রশাসনিক দায়িত্ব পালনে মুখ্যমন্ত্রী ব্যর্থ বলে দাবি করে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ইস্তফারও দাবি করা হয় সেই সময়।
রবিবার ইম্ফলে এক অনুষ্ঠানে বীরেন সিং বলেন, গত বছর দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ও যৌন হেনস্থার যে ভিডিয়ো ভাইরাল হয়, তা কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরাই করেছিল। তাঁর কথায়, “লক্ষ্য ছিল বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসম্মানিত করা।” একইসঙ্গে তিনি বলেন, মেইতেই সম্প্রদায়ের কিছু মহিলা ও যুবক মিলে দুই মহিলাকে উদ্ধার করলেও ইচ্ছা করে সেই কথা এড়িয়ে যাওয়া হয়েছে।