RSS Meeting: জনবিন্যাস থেকে নেশামুক্তি, সামাজিক সমস্যা নিয়ে বৈঠকে বসছে আরএসএস

সুনীল আম্বেকর স্পষ্ট করে দিয়েছেন, এটি কোনও নির্বাহী বা সিদ্ধান্ত গ্রহণের বৈঠক নয়। বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সমন্বয় আরও শক্তিশালী করা এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে যৌথভাবে কাজ করার পথ খুঁজে বের করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।

RSS Meeting: জনবিন্যাস থেকে নেশামুক্তি, সামাজিক সমস্যা নিয়ে বৈঠকে বসছে আরএসএস
Image Credit source: TV9 Bangla

Aug 18, 2026 | 10:11 PM

বিশাখাপত্তনম: জনসংখ্যার ভারসাম্যহীনতা, যুব সমাজের মধ্যে মাদকাসক্তির মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে আলোচনায় বসতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)। আগামী ১৯ থেকে ২১ অগস্ট বিশাখাপত্তনমের কাছে গুডিলোভায় বিজ্ঞান বিহার স্কুলে অনুষ্ঠিত হবে RSS-এর ‘অখিল ভারতীয় সমন্বয় বৈঠক’। তিন দিনের এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্তের ৩২টি সঙ্ঘ ঘনিষ্ঠ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে RSS-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানান, ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বৈঠক শুরু হবে। ২১ আগস্ট সন্ধ্যা পর্যন্ত চলবে আলোচনা। RSS প্রধান মোহন ভাগবত ছাড়াও দত্তাত্রেয় হোসবালে ও অন্যান্য আধিকারিকরা বৈঠকে উপস্থিত থাকবেন।

এছাড়াও অন্যান্য সংগঠনের জাতীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের পাশাপাশি ভারতীয় মজদুর সঙ্ঘ (BMS), বিশ্ব হিন্দু পরিষদ (VHP), বিজেপি (BJP), অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), ভারতীয় কিষান সঙ্ঘ (BKS) এবং রাষ্ট্র সেবিকা সমিতির প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেবেন। সব মিলিয়ে প্রায় ৩২৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন সংগঠন থেকে ২৫৩ জন পদাধিকারী রয়েছেন, যাঁদের মধ্যে ৪৯ জন মহিলা প্রতিনিধি থাকছেন।

সুনীল আম্বেকর স্পষ্ট করে দিয়েছেন, এটি কোনও নির্বাহী বা সিদ্ধান্ত গ্রহণের বৈঠক নয়। বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সমন্বয় আরও শক্তিশালী করা এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে যৌথভাবে কাজ করার পথ খুঁজে বের করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। জনকল্যাণ, জনসচেতনতা বৃদ্ধি, ব্যবস্থার পরিবর্তন এবং সামাজিক সমস্যার সমাধানে আরএসএস ও তার সহযোগী সংগঠনগুলির কাজ নিয়েও আলোচনা হবে।

বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, সামাজিক পরিবর্তন এবং নতুন করে তৈরি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা হবে। বিশেষ গুরুত্ব পাবে দেশের পরিবর্তিত জনবিন্যাস বা ‘ডেমোগ্রাফিক ইমব্যালান্স’। বৃহত্তর সামাজিক প্রভাব এবং পরিস্থিতি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, তা নিয়েও আলোচনা হবে।

এর পাশাপাশি যুব সমাজের মধ্যে মাদক ও অন্যান্য নেশার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে একটি পরিকল্পনা তৈরি করা, ব্যাপক সচেতনতা গড়ে তোলা এবং নেশামুক্তি কর্মসূচিকে আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে।

RSS-এর শতবর্ষ পূর্তির প্রাক্কালে সমাজে ‘পঞ্চ পরিবর্তন’-এর পাঁচটি বিষয়ও তুলে ধরা হয়েছে। সেই পাঁচ পরিবর্তন হল, সামাজিক সম্প্রীতি, পরিবেশবান্ধব জীবনযাপন, পারিবারিক মূল্যবোধ, স্বদেশি ও আত্মচেতনা এবং নাগরিক কর্তব্য পালন। শতবর্ষ উদযাপনের বছর জুড়ে এই পাঁচটি বিষয়ে সমাজের বিভিন্ন স্তরে আলোচনা চলছে। আসন্ন সমন্বয় বৈঠকেও ‘পঞ্চ পরিবর্তন’-এর পরবর্তী কর্মসূচি ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

সুনীল আম্বেকর জানিয়েছেন, বৈঠকে একটি সামগ্রিক ‘ভারতীয় উন্নয়ন মডেল’ নিয়েও আলোচনা হবে। তাঁর বক্তব্য, উন্নয়নকে শুধুমাত্র অর্থনৈতিক বৃদ্ধির মাপকাঠিতে দেখা উচিত নয়। সমাজের সমস্ত ক্ষেত্রের ভারসাম্যপূর্ণ ও সামগ্রিক অগ্রগতির সঙ্গে অর্থনৈতিক উন্নয়নকে সমন্বয় করেই একটি পূর্ণাঙ্গ উন্নয়ন মডেল গড়ে তোলার প্রয়োজন।

RSS-এর শতবর্ষ পর্বে সংগঠনটির প্রতি সাধারণ মানুষের আগ্রহও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান আম্বেকর। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ‘Join RSS’ ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৫৭,৪২৩ জন নাম নথিভুক্ত করেছিলেন। ২০২৬ সালের একই সময়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৩,২৮৭-তে। নথিভুক্তদের মধ্যে ৬৫ শতাংশেরও বেশি যুবক-যুবতীর বয়স ৩০ বছরের নিচে এবং প্রায় ৮৫ শতাংশের বয়স ৪০ বছরের নিচে।

Loading...
Unable to load recommendations.
Follow Us