Supreme Court: ‘কোথায় চিতাভস্ম, কী প্রমাণ?’ জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বেঞ্চের তরফে বলা হয়, "প্রথমে, আমরা জানতে চাই পরিবারের কতজন সদস্য এই আবেদনটি সমর্থন করছেন।" সিংভি উত্তর দেন যে বোসের একমাত্র উত্তরাধিকারী তাঁর ৮৪ বছর বয়সী কন্যা এবং আবেদনকারী তাঁর তুতো ভাই। বেঞ্চ বলে, "মেয়ে আমাদের সামনে উপস্থিত নেই। উত্তরাধিকারী যদি ভস্ম দেশে ফিরিয়ে আনতে চান, তাহলে তাঁকে আদালতে উপস্থিত হতে হবে।"

Supreme Court: কোথায় চিতাভস্ম, কী প্রমাণ? জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Image Credit source: TV9 Bangla

Mar 12, 2026 | 7:33 PM

নয়া দিল্লি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নেতাজির এক আত্মীয় এই আবেদন করেছিলেন শীর্ষ আদালতে। টোকিওর রেনকোজি মন্দির থেকে চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার অনুরোধ করেছিলেন তিনি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম. পাঞ্চোলির বেঞ্চে আবেদন করা হয়। আবেদনকারী আশিস রাইয়ের পক্ষে আইনজীবী অভিষেক সিংভি আবেদন প্রত্যাহারের অনুমতি চান, যা বেঞ্চ মঞ্জুর করে।

আইনজীবী আদালতে বলেন, “আমি পরিবারের সদস্যদের পক্ষে আবেদন করছি। ওরা সম্মানের সঙ্গে চিতাভস্ম বিসর্জন দিতে চান।” প্রধান বিচারপতি প্রশ্ন কেন, এই বিষয়টি কতবার আদালতে আসবে। গত বছরই আদালত এরকম একটি আবেদন খারিজ করে দিয়েছিল। সিংভি উত্তর দিয়েছিলেন যে এটি এমন কোনও বিষয় নয়, যা আগে আদালতে এসেছিল।

এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “প্রথমত, চিতাভস্ম কোথায়? এর প্রমাণ কী?” এর উত্তরে সিংভি বলেন, “এটা রেকর্ড আছে যে প্রত্যেক ভারতীয় রাষ্ট্রপ্রধান জাপানের রেনকোজি মন্দিরে শ্রদ্ধা নিবেদন করেছেন।”

বেঞ্চের তরফে বলা হয়, “প্রথমে, আমরা জানতে চাই পরিবারের কতজন সদস্য এই আবেদনটি সমর্থন করছেন।” সিংভি উত্তর দেন যে বোসের একমাত্র উত্তরাধিকারী তাঁর ৮৪ বছর বয়সী কন্যা এবং আবেদনকারী তাঁর তুতো ভাই। বেঞ্চ বলে, “মেয়ে আমাদের সামনে উপস্থিত নেই। উত্তরাধিকারী যদি ভস্ম দেশে ফিরিয়ে আনতে চান, তাহলে তাঁকে আদালতে উপস্থিত হতে হবে। আমরা তাঁর অনুভূতিকে সম্মান করি।”

সিংভি বলেন, “মেয়ে আদালতে ভার্চুয়ালি উপস্থিত।” শীর্ষ আদালত জবাব দেয়, “আমরা তাঁর অনুভূতিকে সম্মান করি। আমরা সিদ্ধান্ত নেব যে তার অনুভূতিকে আইনি পদক্ষেপে রূপান্তরিত করা হবে কি না। আমাদের তথ্য অনুসারে, ঘটনাটি নিয়ে পরিবারের মধ্যে মতপার্থক্য রয়েছে।”

Follow Us