
নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে অনেক সময় গন্তব্যে পৌঁছতে ২৪ ঘণ্টা বা তারও বেশি সময় লেগে যায়। সে ক্ষেত্রে সকালে উঠে ব্রাশ করার প্রয়োজনীয়তা পড়ে। সাধারণত ট্রেনের মধ্যেই বেসিন ব্যবহার করার ব্যবস্থা থাকলেও অনেকেই সকালে স্টেশনে পৌঁছনোর পরে প্ল্যাটফর্মের কলগুলিতেই দাঁত মাজতে শুরু করে। এমনকী রাতের খাবারের জন্য ব্যবহার করা বাসন ধোয়ার কাজও সেরে ফেলেন অনেকে। কেউ কেউ দাঁড়িয়ে প্রাতঃরাশ সারেন। কিন্তু অনেকেই জানেন না রেল স্টেশন চত্বরের জন্য বেশ কিছু নিয়ম আছে। রেলওয়ে আইনে নিষেধ আছে বেশ কিছু কাজ।
ব্রাশ করা, নোংরা বাসন ধোয়া রেলের আইনে অপরাধ হিসেবে উল্লেখ করা আছে। এমনকী এই কাজগুলি করার জন্য রেলের তরফ থেকে জরিমানাও চাওা হতে পারে।
রেল আইন অনুযায়ী, রেলওয়ে চত্বরে নির্ধারিত স্থান ছাড়া ব্রাশ করা, থুতু ফেলা, বাসন, কাপড় বা অন্য যে কোনও জিনিস ধোয়া অপরাধ। এই কাজগুলি শুধুমাত্র নির্ধারিত জায়গায় করা যায়। রেলের কর্মীরা যদি এই কাজগুলি করার সময় দেখতে পান তাহলে যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা চাওয়া হতে পারে। রেলওয়েতে এই ধরনের কাজের জন্য জরিমানার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া ট্রেন বা রেল স্টেশন চত্বরে কোথাও কিছু লেখা বা সেঁটে দেওয়া অপরাধ। এর জন্যও জরিমানা করা যেতে পারে। বেশিরভাগ যাত্রীই চিপস বা অন্যান্য জিনিস খাওয়ার পর স্টেশন চত্বরের ফাঁকা জায়গায় প্যাকেট ফেলে দেন। এটাও একটা অপরাধ। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনও জায়গায় বা বগিতে আবর্জনা ফেলা যায় না।