
কলকাতা: তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে যে অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় এবার ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ৩ টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে একাধিক জামিন-অযোগ্য বা নন-বেলেবেল ধারা রয়েছে। শেক্সপিয়ার স্মরণী থানায় রুজু হওয়া ৩ টে মামলার মধ্যে একটি মামলা করেছেন শেক্সপিয়ার স্মরণী থানার এক অফিসার, একটি মামলা করেছেন পার্কস্ট্রিট থানার এক অফিসার এবং কলকাতা পুরসভার (KMC) তরফে একটি মামলা করা হয়েছে।
শেক্সপিয়ার স্মরণী থানার অফিসার এবং কলকাতা পুরসভার তরফে করা অভিযোগে ভিত্তিতে হওয়া FIR-এ নাম রয়েছে সাংসদ ডেরেক ওব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের। অন্যদিকে, পার্ক স্ট্রিট থানার আধিকারিকের তরফে দায়ের করা মামলাটি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে রুজু হয়েছে।
বৃহস্পতিবার বিকালের ঘটনা নিয়ে এবার পুলিশের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হল। পুলিশের দাবি, গতকাল ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের একটি বেআইনি হোর্ডিং সরানোর উদ্দেশ্যে কলকাতা পুরসভার তরফ থেকে লিখিতভাবে পুলিশি সহায়তার আবেদন জানানো হয়েছিল। সেই অনুযায়ী পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
অভিযোগ, পুলিশ ও পুর প্রতিনিধিরা পৌঁছতেই সেখানে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর ও বৈশ্বানর চট্টোপাধ্যায়সহ বহু সমর্থক অনিয়ম করে জমায়েত হন। তাঁরা পুরসভার কর্মী ও পুলিশ আধিকারিকদের চত্বরে ঢুকতে বাধা দেন এবং সরকারি নির্দেশ পালনে বাধা দেন।
অভিযোগ উঠেছে, উপস্থিত পুলিশ সদস্য ও পুরসভার কর্মীদের ওপর চড়াও হয়ে বলপ্রয়োগ ও হামলা চালানো হয়। এমনকি ডিউটিতে থাকা এক মহিলা পুলিশ কর্মীকে মারধরের পাশাপাশি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও গুরুতর অভিযোগ জমা পড়েছে। এছাড়া উপস্থিত সরকারি কর্মীদের অকথ্য ভাষায় হুমকি দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে অভিষেকের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ক্যামাক স্ট্রিটের অফিসে। পুলিশ-পুরসভার কর্মীদের সঙ্গে অভিষেকের অফিসের কর্মীদের রীতিমতো হাতাহাতি হয়। শেষপর্যন্ত সন্ধ্যা ৬টা নাগাদ বিল বোর্ড খোলেন পুরসভার কর্মীরা।