
কলকাতা: মৌসুমি অক্ষরেখায় দক্ষিণবঙ্গে সক্রিয় বর্ষা। বুধবার রাত থেকে দফায়-দফায় বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদ ওঠেনি। বৃষ্টি আরও হবে বলেই পূর্বভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। রবিবার থেকে আবাও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, সক্রিয় মৌসুমী অক্ষরেক্ষা বর্তমানে রয়েছে রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আর সাগরের উপর আর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আর মৌসুমী অক্ষরেক্ষা সক্রিয় হতেই ফের বৃষ্টির পূর্বাভাস থাকছে বাংলার জন্য।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মূলত মেঘলা আকাশ থাকছে। বিক্ষিপ্তভাবে দফায়-দফায় হালকা মাঝারি বৃষ্টি হবে সব জায়গায়। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।
শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায়।
শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে বৃষ্টির ব্যাপকতা। রবিবার এবং সোমবার বৃষ্টির কোনও সতর্ক বার্তা নেই দক্ষিণবঙ্গে।
রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই। বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে।