
কলকাতা: পিছু ছাড়ছে না নিম্নচাপ। একটু রেহাই মিলতে না মিলতেই ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি হল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain Update) জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে নতুন নিম্নচাপের জন্ম হয়েছে। তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতাতেও ভারী বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ওড়িশায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে আরও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই জেলায়। কমলা সর্তকতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় থাকছে হলুদ সতর্কতা। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের সব জেলায়। বিক্ষিপ্তভাবে দু-একটি জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গে। উপরের দিকের জেলাগুলিতে হলুদ সর্তকতা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।
আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৪ শতাংশ।