
কলকাতা: এবার খাস কলকাতার মুচিপাড়া থানা এলাকার মুচি বাজারে এক বিজেপি কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। আক্রান্ত কর্মীর নাম বিপ্লব নাগ। তিনি কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বিপ্লববাবু কয়েকজন পরিচিতের সঙ্গে এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই কয়েকজন যুবক লোহার রড নিয়ে তাঁদের ওপর চড়াও হয় এবং পিছন থেকে বিপ্লববাবুর মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
আক্রান্ত বিজেপি কর্মীর দাবি, নির্বাচনের আগে থেকেই তাঁকে ও তাঁর পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আগামী রবিবার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে একটি সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সেই কর্মসূচির প্রস্তুতি নিয়েই রাতে দলীয় কর্মীরা আলোচনা করছিলেন।
সজল ঘোষের দাবি, সংবর্ধনা সভা বানচাল করতেই তৃণমূল পরিকল্পনা করে এই রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে একে স্থানীয় বিবাদ বলে দাবি করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ।
৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে-এর পাল্টা দাবি, তাঁদের এক কর্মী আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাঁর কথায়, “আমি রাজনৈতিক রং লাগাতে চাই না। তবে আমাদের বুথ এজেন্ট দ্বিপন সাহাকে প্রথমে ৫০ নম্বর ওয়ার্ডের কিছু ছেলে মারধর করে। খবর পেয়ে তাঁর ভাই ঘটনাস্থলে পৌঁছলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়।”