Chandranath Rath Murder Case: চন্দ্রনাথের খুনে বারাণসী থেকে ধৃত আরও এক, জাল গুটাচ্ছে সিবিআই?

CBI arrests another accused from Varanasi in Chandranath Rath murder case: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ২ দিন পর গত ৬ মে রাতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামে তাঁর গাড়ি থামিয়ে বাইক থেকে গুলি করা হয়। ঘটনার তদন্তে নেমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) তিনজনকে গ্রেফতার করে।

Chandranath Rath Murder Case: চন্দ্রনাথের খুনে বারাণসী থেকে ধৃত আরও এক, জাল গুটাচ্ছে সিবিআই?
চন্দ্রনাথ রথ (বাঁদিকে), ধৃত বিনয় রাই (ডানদিকে)Image Credit source: TV9 Bangla

May 20, 2026 | 7:38 AM

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের (Chandranath Rath Murder Case) ঘটনার জাল কতদূর বিস্তৃত? কারা করেছিল পরিকল্পনা? তদন্ত যত এগোচ্ছে, বিস্ময় তত বাড়ছে। এবার চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বিনয় রাই নামে ওই অভিযুক্তকে উত্তর প্রদেশের বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে বুধবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের বিনয় উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা। বেশ কয়েক বছর আগেই বারাণসীতে চলে আসেন তিনি। সম্পত্তি কেনাবেচার কারবারে যুক্ত ছিলেন। বারাণসীর এক পুলিশকর্তা জানান, “বারাণসীর এক স্থানীয় আদালতে বিনয় রাইকে তুলে ২ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে সিবিআই।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথ রথকে খুনে বিনয় রাই জড়িত বলে প্রমাণ পেয়েছে সিবিআই। তার ভিত্তিতেই তাঁর খোঁজ চালানো হয়। বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিনয়ের বিরুদ্ধে এর আগেও খুন, খুনের চেষ্টা-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কলকাতায় আনা হচ্ছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ২ দিন পর গত ৬ মে রাতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামে তাঁর গাড়ি থামিয়ে বাইক থেকে গুলি করা হয়। ঘটনার তদন্তে নেমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) তিনজনকে গ্রেফতার করে। ধৃত ওই ৩ জনের নাম মায়াঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্য। এরপর ঘটনার তদন্তভার হাতে নিয়ে সিবিআই উত্তর প্রদেশের বালিয়া থেকে রাজকুমার সিং নামে একজনকে গ্রেফতার করে। ধৃত ওই ৪ জনই ভিনরাজ্যের বাসিন্দা।

এবার বারাণসী থেকে গ্রেফতার করা হল বিনয়কে। ধৃত ৫ জনই ভিনরাজ্যের। ধৃতদের সঙ্গে বাংলার কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের সুপারি কে বা কারা দিয়েছিলেন, সেটাই এখন জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যই পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চন্দ্রনাথ রথ খুনে রহস্যের জাল কি গুটিয়ে আনছে সিবিআই?

Follow Us