Chingrighata Flyover: টানা তিন দিন, ৬০ ঘণ্টা! বন্ধ থাকবে চিংড়িহাটা উড়ালপুল, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Chingrighata Flyover remain closed: কলকাতা ট্রাফিক গার্ডের নির্দেশিকায় বলা হয়েছে, চিংড়িহাটা ফ্লাইওভার দিয়ে যাঁরা সল্টলেকে যাবেন, তাঁরা বেলেঘাটা মেইন রোড ও বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ে হয়ে সল্টলেক যেতে পারবেন। মেট্রোর কাজের জন্য ফ্লাইওভার বন্ধ থাকবে। কবে, কোন কোন দিন বন্ধ থাকবে, জেনে নিন বিশদে

Chingrighata Flyover: টানা তিন দিন, ৬০ ঘণ্টা! বন্ধ থাকবে চিংড়িহাটা উড়ালপুল, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
চিংড়িহাটা ফ্লাইওভারImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 09, 2026 | 5:37 PM

কলকাতা: ফের বন্ধ থাকবে চিংড়িহাটা উড়ালপুল। মেট্রোর কাজের জন্যই যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, মোট তিনদিন যান চলাচল বন্ধ থাকবে। এর আগে জুলাই মাসের শুরুতে উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। এবার, মেট্রোর কাজের জন্য কবে বন্ধ থাকবে উড়ালপুল, তার নতুন তারিখ জানিয়ে দেওয়া হল।

কবে কবে বন্ধ থাকবে উড়ালপুল?

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, মেট্রোর অরেঞ্জ লাইনে সেগমেন্ট লঞ্চের কাজ রয়েছে। সেই কারণে চিংড়িহাটা উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে। ১০ জুলাই অর্থাৎ আগামিকাল শুক্রবার রাত আটটা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮ টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। চিংড়িহাটা ফ্লাইওভার দিয়ে উত্তরমুখী যানবাহন কোন দিক দিয়ে যাবে, তাও বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

কোন পথে যাবে গাড়ি?

কলকাতা ট্রাফিক গার্ডের নির্দেশিকায় বলা হয়েছে, চিংড়িহাটা ফ্লাইওভার দিয়ে যাঁরা সল্টলেকে যাবেন, তাঁরা বেলেঘাটা মেইন রোড ও বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ে হয়ে সল্টলেক যেতে পারবেন।

আগামী ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউ টাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এই করিডরের বিভিন্ন অংশে। তৃণমূল জমানায় প্রায় আড়াই বছর ধরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে চিংড়িঘাটায় যাবতীয় কাজ বন্ধ ছিল। পালাবদলের পর অনুমতি পেয়ে দ্রুত গতিতে কাজ শুরু করেছে আরভিএনএল। এবার অন্তিম পর্যায়ের কাজ শেষ হতে চলেছে।

Follow Us