
কলকাতা: কলকাতার শিল্প, সংস্কৃতি, সাহিত্য চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র সদনের (Rabindra Sadan) রং বদল। নবান্নের পর এবার রবীন্দ্র সদনের ফলকের রংও হল গেরুয়া। নন্দনের ঠিক সামনে থাকা ফলকটি দূর থেকেই দেখা যায়। তাতে ‘রবীন্দ্র সদন’ লেখা থাকে। এতদিন ওই ফলকের রং ছিল নীল-সাদা। বৃহস্পতিবারই সেই রঙ বদলে করা হয় গেরুয়া।
শুধু নামই কেন সদন চত্বরে বিভিন্ন মঞ্চ, উদ্যান, প্রেক্ষাগৃহের সামনে বিগত সরকারের ফলক লেখা নামেরও রং বদল হয়েছে। ২০১৬ সালে রবীন্দ্র সদনে একাধিক সংস্কার মূলক কাজ করে তৃণমূল সরকার। তখনই তৎকালীন সরকার ও পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রীর নামে ফলক নির্মিত হয়। পালাবদলের পর এবার সেই ফলকের রঙ পরিবর্তন করা হল।
তবে এতে সাংস্কৃতিক ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন শিল্পীরা। রবীন্দ্র সদনে উপস্থিত শিল্পীদের সঙ্গে কথা বলা হলে, তাঁরা জানান, রং বদলের কোনও প্রভাব পড়বে না শিল্পীদের উপর, অনুষ্ঠানের মানেও কোনও পরিবর্তন হবে না। তাঁদের কথায়, ‘রাজা আসে যায়, শিল্পীরা একই থাকেন, শিল্পও একই থাকে।’
এর আগে নবান্নের রংও বদলাতে দেখা যায়। বাংলায় পালাবদলের পর দেখা গিয়েছিল গেরুয়া আলোয় সাজানো হয়েছে নবান্ন-কে। নতুন সরকারের প্রায় দুই মাস পর নবান্নের রং পরিবর্তন করা হয়েছে। তবে, পুরো প্রশাসনিক ভবনের রঙ বদলানো হয়নি। শুধুমাত্র বিল্ডিংয়ের মাথায় যে ‘নবান্ন’ ফলক রয়েছে, তার রঙ পরিবর্তন করা হয়েছে।