
কলকাতা: পুলিশ ও সচিবদের মাথা উঁচু করে কাজের নির্দেশ আগেই দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার সঙ্গে বৈঠক সমস্ত জয়েন সিপি, ডিসি এবং ওসিদের। ভোট পরবর্তী হিংসা আটকাতেই হবে যে করে হোক, কড়া নির্দেশ দিলেন সিপি।
কমিশনার নির্দেশ দিয়েছেন, এফআইআর রেজিস্টারের ক্ষেত্রে কোনও বিলম্ব করা যাবে না। আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত বেআইনি অস্ত্র, বোম, বিস্ফোরক বাজেয়াপ্ত করে ফেলতে হবে। পাচার রোধের জন্যও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা এবং শিশুদের নিরাপত্তা সবার আগে সুনিশ্চিত করতে হবে।
পুলিশ সূত্রে খবর, সরকারি নিয়মের বাইরে গিয়ে কোথাও কোনও লাউড স্পিকার বাজানো যাবে না। এমনকী, ধর্মীয় ক্ষেত্রে লাউড স্পিকারের জন্যেও একই নিয়ম বলবৎ থাকবে। শহরের সর্বত্র হেলমেট পরে বাইক চালানো হচ্ছে কি না তা নিয়ে স্পেশাল ডাইভিং করতে হবে। দিতে হবে প্রতিদিনের কাজ এবং উদ্ধারের রিপোর্ট। সপ্তাহে শীর্ষ স্তরেও দিতে হবে রিপোর্ট।
বস্তুত, সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক হয়েছিল। সেই বৈঠকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে, সেই ভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে।” এমনকী, তিনি এও বলেছেন, “মাথা উঁচু করে কাজ করুন। কোনও সমস্যা হলে সরাসরি বলবেন। ভয় পাবেন না। আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই।” এরপর মুখ্যসচিব মনোজ আগরওয়ালও একই বার্তা দিয়েছেন আমলাদের। বলেন, “আমি সবাইকে বলব শিঁড়দাড়া শক্ত করে কাজ করুন। কাজ করলে শিরদাঁড়া বাঁকাতে হয় না। আপনারা তো IAS অফিসার। নিজের দায়িত্ব পালন করে যান।”
ফলত, নতুন সরকার আসার পরই একদম উপর মহল থেকে বারেবারে বার্তা আসছে কড়া ভাবে নৈতিকতার সঙ্গে কাজ করার।