Debangshu Bhattacharya: শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা পড়েনি যাদবপুরের পড়ুয়া! থালা-বাটি নিয়ে হাতে এঁকে ‘যুক্তি খাড়া’ দেবাংশুর

Debangshu Bhattacharya: ইন্দ্রানুজের 'গাড়ি চাপা'কে কেন্দ্র করেই যাদবপুরে বাড়তি মাইলেজ পেয়েছে বিক্ষোভ। প্রশ্নের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী। ওত ভিড়ের মধ্য়ে কেন গাড়ির গতি বাড়ানো হয়েছে, সেই নিয়ে এখন ব্রাত্যের বিরুদ্ধে রাজ্যজুড়ে একযোগে নেমেছে বিরোধীরা।

Debangshu Bhattacharya: শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা পড়েনি যাদবপুরের পড়ুয়া! থালা-বাটি নিয়ে হাতে এঁকে যুক্তি খাড়া দেবাংশুর
দেবাংশু ভট্টাচার্য

| Edited By: Avra Chattopadhyay

Mar 03, 2025 | 1:44 PM

কলকাতা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ে তিনি আপাতত বিতর্কের মুখে। শনিবার বাম সংগঠনের অন্যান্য ছাত্রদের মতো ইন্দ্রানুজ বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে। কিন্তু কয়েক মুহূর্তেই পট পরিবর্তন। বিক্ষোভ, ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কির মাঝেই শিক্ষামন্ত্রীর গাড়ির তলা চাপা পড়েন প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়।

বলা চলে, ইন্দ্রানুজের ‘গাড়ি চাপা’কে কেন্দ্র করেই যাদবপুরে বাড়তি মাইলেজ পেয়েছে বিক্ষোভ। প্রশ্নের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী। ওত ভিড়ের মধ্য়ে কেন গাড়ির গতি বাড়ানো হয়েছে, সেই নিয়ে এখন ব্রাত্যের বিরুদ্ধে রাজ্যজুড়ে একযোগে নেমেছে বিরোধীরা।

কিন্তু ইন্দ্রানুজের ‘গাড়ি চাপা’ পড়ার ঘটনাকে সম্পূর্ণ রূপে ভুয়ো ও অতিরঞ্জিত বলেই দাগাচ্ছেন তৃণমূলের মুখপাত্র ও আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, ‘সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গাড়ি চাপা পড়ার ছবি একেবারেই ভুয়ো।’

সোমবার নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, ‘পড়ুয়ার গাড়ি চাপা পড়ার যে ছবিটি ভাইরাল হয় তা সম্পূর্ণ রূপে ভুয়ো। সিপিএম এই ছবি নিয়ে মিথ্যাচার করছে।’ এরপরই নিজের যুক্তিকে খাঁড়া করতে একটি ছবি এঁকেও বোঝান তিনি। এমনকি, একটি বাটি ও কাঠের প্লেটের সাহায্য যুক্তি খাঁড়া করে দেবাংশু বলেন, ‘যদি সত্যিই গাড়ি চাপা পড়ে ওর চোখে আঘাত লেগেই থাকে, সে কি পাঁচ মিনিট পর ইন্টারভিউ দেওয়ার অবস্থায় থাকতে পারে?’

তৃণমূল মুখপাত্রের যুক্তি শুনে তাঁর বিরুদ্ধে ইঙ্গিতে তোপ দেগেছেন প্রাক্তন এসএফআই সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর কথায়, ‘তৃণমূলের নবীন মুখপাত্র ভিডিও ধরে সেকেন্ড মেপে দেখাচ্ছেন যে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ জখম হয়নি। পুরোটাই নাকি বানানো। আর এদিকে শিক্ষামন্ত্রী স্বয়ং মিডিয়াতে বয়ান দিচ্ছেন যে তাঁর গাড়ির ধাক্কায় একজন ছাত্র আহত হয়েছে, সেটা সাজানো নয়, এবং সেজন্য তিনি দুঃখিত। কার কথা ধরব?’

Follow Us