
কলকাতা: হাতে আর একটা দিন। এবার দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের আদলে তৈরি হচ্ছে ইসকনের রথ। এবার সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে অন্যান্য ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। রাশিয়া, জাপান আমেরিকা-সহ বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসবেন। ১৬ জুলাই ১১টা ১৫ মিনিটে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর বারোটা নাগাদ ইসকন কলকাতা মন্দির থেকে বেরোবে রথ। এরপর অ্যালবার্ট রোডে কলকাতা ইসকন মন্দির থেকে হাঙ্গারফোর্ড স্ট্রিট এজেসি বোস রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, জহরলাল নেহেরু রোড, আউট ট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবে।
প্রতি বছর রথযাত্রায় পুজোর দিনে যেভাবে ভোগের ব্যবস্থা থাকে এবারও সেই ব্যবস্থা থাকবে। পাশাপশি দক্ষিণ ভারতের মন্দিরে ঈশ্বরের উদ্দেশ্যে সেসব ভোগ দেওয়া হয় এবার কলকাতায় রথের পুজোয় সেই ভোগেরও ব্যবস্থা থাকবে। ২৩ শে জুলাই পর্যন্ত ময়দানে থাকবে রথ। বেলা সাড়ে তিনটি থেকে প্রসাদ মিলবে। জগন্নাথ দেবের রথের উচ্চতা ৩৮ ফুট। বলরামজির রথ ৩৬ ফুট। বর্তমানে রথে সুখোই ৩০ যুদ্ধবিমানের শক্তিশালী চাকা ব্যবহার হয়। এর আগে বোয়িং ৭৪৭ বিমানের চাকা ব্যবহার হতো।
২৪ জুলাই উল্টো রথ আবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে জহরলাল নেহেরু রোড থেকে এসপ্ল্যানেড ক্রসিং, এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, ফিলিপস মোড়, আনন্দ পালিত, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ হয়ে কলকাতা মন্দিরে আসবে।