
কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ক্যাবিনেটের মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। প্রথমেই পঞ্চায়েত দফতরে যান। সেখানে গিয়ে সকলের সঙ্গে কথা বলেন। অভিযোগ করেন, পঞ্চায়েত দফতরে (Panchayet Department) লোকই নেই। দীর্ঘদিন কোনও নিয়োগ হয়নি। একইসঙ্গে তিনি জানান, ঘরে বসে থাকার লোক তিনি নন, মাঠে নেমেই কাজ করবেন। সব সমস্যার সমাধান করবেন।
দিলীপ ঘোষ যে মন্ত্রী হচ্ছেন, তা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে, দফতর বণ্টন হয় গতকাল। নিজের দফতর পেয়েই কাজ শুরু করে দেন দিলীপ ঘোষ। নিজের অফিস থেকে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “দফতরে এলাম। কর্মীদের সঙ্গে কথা বললাম। কীভাবে কাজ চলছে, কী কী সমস্যা রয়েছে, কী কী করতে হবে, সবটা শুনলাম। পুরো বিষয়টা বুঝে নিয়ে একটু সময় লাগবে। তারপর খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে।”
তবে, দফতরে পৌঁছেই তাঁর প্রথম অভিযোগ, লোক নেই। আর দ্বিতীয় অভিযোগ, ফান্ড নেই। তবে, সেই সমস্যার খুব শীঘ্রই সমাধান হবে বলে জানিয়েছেন তিনি। দিলীপ বলেন, “অনেকদিন নিয়োগ হয়নি। কর্মীই নেই সেভাবে। কোনও অফিসার নেই। কাজ কীভাবে হবে, প্ল্যান করার লোক নেই। ফান্ডেরও সমস্যা রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। কৃষি মন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে ফান্ড নিয়ে। যেমন আবাস যোজনার ফান্ড আসবে শীঘ্রই। কথা হয়ে গিয়েছে। কিন্তু লোক না থাকলে কাজ হবে কীভাবে? পরবর্তী মন্ত্রিসভার বৈঠকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা হবে।”
এরপরই দিলীপ ঘোষ জানান, তিনি মাঠে নেমে কাজ করবেন। বলেন,”দফতরে বসার অভ্যেস আমার নেই। আমি ফিল্ডে যাব। আমি বাস্তবে অনেক কিছু দেখেছি, এবার থিওরিট্যাক্যালি দেখলাম। পঞ্চায়েতে কী কী হয়, কেমন নাটক হয় তা জানি। সেগুলো যাতে না হয়, তার রাস্তা বের করতে হবে।”