
কলকাতা: সোমবার প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গ। ঠিক কলকাতার (Kolkata) উপরে ছিল গভীর নিম্নচাপ, আর তার জেরে সারাদিন প্রবল বৃষ্টিতে ভেসেছে কলকাতা সহ সংলগ্ন অঞ্চল। তবে মঙ্গলবার কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে হাওয়া অফিস। খানিকটা কাটল দুর্যোগের মেঘ। বর্তমান গভীর নিম্নচাপটি ধীরে-ধীরে সরেছে ঝাড়খণ্ডের দিকে। ফলে দক্ষিণবঙ্গের কয়েকটির জেলার উপর থেকে সাময়িক ভাবে দুর্যোগের মেঘ কেটেছে।
আবহাওয়া দফতরের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে এখনও প্রচুর পরিমাণ জলীয় বাস্প ঢুকছে। ফলে নিম্নচাপের শক্তিক্ষয় এখনও হয়নি। বর্তমানে গভীর নিম্নচাপটি ধীরে ধীরে সরেছে ঝাড়খণ্ডের দিকে। ধানবাদের কাছ দিয়ে ঝাড়খণ্ডে পৌঁছেছে সেটি। সেই কারণে বৃষ্টির কোপে পড়েছে বাংলার পশ্চিমের জেলা, ওড়িশা ও ঝাড়খণ্ড।
কোথায় কোথায় বৃষ্টি হবে?
হাওয়া অফিস বলছে,গভীর নিম্নচাপের প্রভাবে আজ ভারী বৃষ্টি হবে পশ্চিমের ৬ জেলায়। ভাসবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়ায়, বাঁকুড়া ও বীরভূম। সেখানে বৃষ্টির সঙ্গে বইবে দমকা বাতাসও। তবে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলির মাথার উপর থেকে নিম্নচাপ সরলেও আজও বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ হাওড়া, হুগলির মতো জেলাগুলি। তবে, কাল-পরশু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। আপাতত শুক্রবার পর্যন্ত সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে, মঙ্গল ও বুধে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত এই কয়েকদিন উত্তরের জেলায় ভারী বৃষ্টি হবে। তবে প্রবল বৃষ্টির কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।