
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় আরও ৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এরমধ্যে বিশ্বজিৎ দাসের ১০ কোটি মূল্যের স্থাবর সম্পত্তি রয়েছে বলে খবর। বাকি ৪০ কোটি টাকার সম্পত্তির মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য, বাকিবুর রহমানেরও সম্পত্তি রয়েছে বলে খবর। তবে এই তিনজনের আলাদা করে কত সম্পত্তি তার হিসাব এখনও সামনে আসেনি।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে আছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। একই ঠিকানা বাকিবুর রহমানেরও। পুরনিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগকে সামনে রেখে ইডি আরও এক দুর্নীতির গন্ধ পায়। রেশন বণ্টন দুর্নীতি অভিযোগ ওঠে। নদিয়ার একাধিক চালকলে হানা দিয়ে ইডি বাকিবুরের খোঁজ পায়। এরপরই উঠে আসে একের পর এক নাম।
ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে বিদেশে টাকা পাচারের অভিযোগ। ২০১৪-২০১৫ সালে রেশন দুর্নীতির সাড়ে ৩০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ ওঠে। হাওয়ালা যোগেরও খোঁজ পেয়েছে ইডি।