Joka: মেয়ের বিয়ের আগের দিন ১৬ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল তাঁকে! ববির বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ

Joka Land Dispute: অভিযোগ, জোকার নবপল্লি এলাকায় জেমস লং সরণির ধারে সাড়ে ১৩ কাঠা জমির মালিক সুনীল হালদার। তাঁর দাবি, ১৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাসের স্বামী ববি বিশ্বাস ওই জমি কম দামে জোরপূর্বক কিনতে চেয়েছিলেন।

Joka: মেয়ের বিয়ের আগের দিন ১৬ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল তাঁকে! ববির বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ
অভিযোগকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 28, 2026 | 1:27 PM

কলকাতা:  নিজের জমি রক্ষা করতে কাউন্সিলরের স্বামীকে ১৫ লক্ষ টাকা দিতে হয়েছে। বিস্ফোরক অভিযোগ জোকার নবপল্লি এলাকায় জেমস লং সরণিতে। অভিযোগকারী সুনীল হালদার নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি।

অভিযোগ, জোকার নবপল্লি এলাকায় জেমস লং সরণির ধারে সাড়ে ১৩ কাঠা জমির মালিক সুনীল হালদার। তাঁর দাবি, ১৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাসের স্বামী ববি বিশ্বাস ওই জমি কম দামে জোরপূর্বক কিনতে চেয়েছিলেন। কিন্তু তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ।

সুনীল হালদারের দাবি, তাঁর মেয়ের বিয়ের আশীর্বাদের আগের দিন ববি বিশ্বাস তাঁকে প্রায় ১৬ ঘণ্টা নিজের দোকানে বসিয়ে রাখেন। ভয় পেয়ে সেদিন তিনি ৫ লক্ষ টাকা দিতে বাধ্য হন। এরপরও বারবার টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে বাড়িতে বোমা ফেলা-সহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত নিজের জমি রক্ষা করার জন্য ধাপে ধাপে মোট ১৫ লক্ষ টাকা দিতে বাধ্য হন বলে দাবি করেছেন তিনি।

সরকার পরিবর্তনের পর সাহস পেয়ে তিনি বিষয়টি নিয়ে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তির ১৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাসের স্বামী ববি বিশ্বাসের বিরুদ্ধে।

অভিযোগকারীর  বক্তব্য, “সাড়ে ১৩ কাঠা জমি মাত্র ১০ লাখ কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এটা কি কোনওভাবে সম্ভব। কিন্তু জমিটার ওপর নজর থাকে। ২০২২ সালের নভেম্বর মাসে মেয়ের বিয়ের ঠিক আগের দিনই তুলে নিয়ে যায় সকালে। ১৬ ঘণ্টা বসিয়ে রাখা হয়।” ববি বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়েরের চেষ্টা হয়েছে। কিন্তু কোনওভাবে পুলিশ অভিযোগ নিতে চাইছে না বলে অভিযোগ। সূত্র মারফত জানা গিয়েছে, ববি বিশ্বাস এদিকে আদালতে আগাম জামিনেরও আবেদন করছেন।

Follow Us