
কলকাতা: আগেই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জুন মাসে বৃষ্টির ঘাটতি হয়েছিল, সেই ২৮ শতাংশ ঘাটতিপূরণ হতে পারে জুলাইতেই। এবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনি থেকে মঙ্গল, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। বৃষ্টির জেরে শহর ও শহরতলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা এও জানিয়েছেন, উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির ইঙ্গিত রয়েছে জেলায়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ধান ও পাটচাষিদের মুখে হাসি ফুটতে পারে। কারণ জুনে বৃষ্টির ঘাটতিতে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত দুর্যোগ-মুক্তি উত্তরবঙ্গের। আগামী ৬ দিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই উত্তরে। তবে একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ।
মূলত পঞ্জাব- রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার হয়ে একটি ঋতুকালীন অক্ষরেখা অবস্থান করছে। তার জেরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত জনিত অস্বস্তিও থাকছে।