Heavy Rain Forecast: ভর দুপুরেই মুখ কালো করে ফেলল আকাশ, বৃষ্টি কি এবার আর কমবে না?

Weather Department update: এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৬৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে।

Heavy Rain Forecast: ভর দুপুরেই মুখ কালো করে ফেলল আকাশ, বৃষ্টি কি এবার আর কমবে না?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Debarchan Chatterjee/NurPhoto via Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jun 21, 2026 | 12:24 PM

কলকাতা: সকাল থেকেই মুখ ভার আকাশের। বেলা বাড়তেই মুষলধারা কলকাতা-সহ আশপাশের এলাকাতে। কলকাতা ও সংলগ্ন এলাকাতে জারি হয়েছে কমলা সতর্কতা। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও জারি কমলা সতর্কতা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে এই জেলাগুলি বাদ দিয়েও কমবেশি সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা রয়েছে। যেটি আবার হরিয়ানা ও উত্তর প্রদেশের উপর দিয়ে গিয়েছে। 

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৬৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে। যে কারণে আদ্রর্তাজনিত অস্বস্তি থাকছেই। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির মাত্রা কিছুটা কমলে তাপমাত্রাও বাড়বে। বুধবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জারি হতে পারে কমলা সতর্কতা।

অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতির খুব একটা বদল নেই। রবিবারও বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি একাধিক জেলায়। প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই দুই জেলার কিছু কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। মালদহ ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। সোমবারেও দুর্যোগের কমলা সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ। তালিকায় থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। 

Follow Us