
কলকাতা: আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝাঁপিয়ে বৃষ্টি হবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের দুপুরের বুলেটিন অনুযায়ী, দিঘা থেকে ৬০ কিমি দূরে গভীর নিম্নচাপটি অবস্থান করছে। তার জেরে ওড়িশা লাগোয়া জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়ায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায়। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। আগামী ২৪ ঘণ্টায় বালেশ্বর হয়ে ওড়িশায় ঢুকবে নিম্নচাপ। ছত্তীসগঢ় হয়ে মধ্য ভারতের দিকে এগোবে নিম্নচাপ। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বুধ-বৃহস্পতি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম অক্ষরেখা বঙ্গোপসাগরের বুকে আরও সুস্পষ্ট আকার নিয়েছে। যে ঘূর্ণাবর্তটি রয়েছে, সেটি সমুদ্রতল থেকে ৯.৪ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। ধীরে ধীরে তা আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। পাশাপাশি আরও একটি সিস্টেম, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। আর সে কারণেই বাংলা জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সমুদ্র আগামী কয়েকদিন ধরে উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।