
কলকাতা: কাশীপুরে নির্মীয়মাণ আবাসন প্রকল্পে ডাকাতি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আটক ৯। যার মধ্যে আবার ৬ জন নাবালক রয়েছে বলে জানা যাচ্ছে। কী করে এই নাবালকদের গ্যাং তৈরি হল, তাঁদের মাথাতেই বা কে আছে তা নিয়ে চলছে শোরগোল। কোমর বেঁধে তদন্তে নেমেছে পুলিশ।
কাশীপুর এলাকার একটি বেসরকারি নির্মাণ সংস্থার তরফে গত ১৮ জুন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ডাকাতির মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। লালবাজারের দাবি, দ্রুত তদন্তের স্বার্থে তৈরি করা হয় স্পেশাল ইনভিস্টিগেশন টিম (SIT)। সেই টিম এই ঘটনায় পুরোদমে তদন্ত চালাচ্ছে।
অভিযোগ, গভীর রাতে অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন দুষ্কৃতী নদীপথে এসে কাশীপুর থানা এলাকার রুস্তমজি পারসি রোডে থাকা নির্মীয়মাণ আবাসন প্রকল্পের ভিতরে প্রবেশ করে। দুষ্কৃতীরা ভিতরে ঢুকেই সেখানকার কর্তব্যরত কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা প্রকল্প এলাকার ভিতরে থাকা দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী দুষ্কৃতীদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। শেষ পর্যন্ত অভিযুক্তরা লুট করা সামগ্রী নিয়ে নদীপথে পালিয়ে যায়। সংস্থার অভিযোগ, নির্মাণ কাজে ব্যবহৃত কংক্রিট পাইপ, লোহার রড, বৈদ্যুতিক সরঞ্জাম, পাইপ-সহ বিভিন্ন সামগ্রী লুঠ হয়। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় এলাকায়।
পুলিশ জানাচ্ছে, তদন্তে নেমে গতকাল রাতেই অভিযান চালিয়ে মোট ৯ জনকে আটক করা হয়। যার মধ্যে ৬ জন নাবালক। তাদের কাছ থেকে লুট হওয়া বেশকিছু সামগ্রী উদ্ধার হয়েছে। তবে লুঠের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তার খোঁজ চলছে।