
কলকাতা: সুদীপ পোল্লের পর এবার সচিন সিং। কয়েকদিন আগে কলকাতা পৌরনিগমের ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছে পুলিশ। এবার গ্রেফতার করা হল কলকাতা পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে। একুশ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।
নারকেলডাঙা থানায় দুটো মামলা রুজু হয়েছিল। যার মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে গত ২৭ মে নারকেলডাঙা থানার একটি মামলায় সচিনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী আদর্শ পাণ্ডে দাবি করেন, ২০২১ সালের ৪ মে বিকেল সাড়ে তিনটা নাগাদ সচিন কুমার সিং-সহ আরও কিছু লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে, বিভিন্ন সামগ্রী লুঠ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। সেই অভিযোগের তদন্তে নেমে অভিযুক্ত সচিন কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, নারকেলডাঙা থানায় গত ১৭ মে আর একটি মামলায় অভিযোগকারী চন্দ্রপ্রকাশ সিং অভিযোগ করেন, সচিন কুমার সিং ও তাঁর সহযোগীরা বেআইনিভাবে জমায়েত করে তাঁর বাড়িতে জোর করে ঢুকে হামলা চালায় এবং ভাঙচুর করে। এই ঘটনাটিও ২০২১ সালের নির্বাচনের ফল ঘোষণার পর ঘটেছিল। দুই মামলার তদন্তই চলছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।
এদিকে, এদিন দুপুরে সচিন সিংয়ের বাড়ির সামনে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। চোর চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। সচিন সিংয়ের বিরুদ্ধে বেআইনি পার্কিং থেকে শুরু করে জোর করে টাকা তোলা সহ একাধিক অভিযোগ করেন তাঁরা।
রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক নেতাকে তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে কলকাতা পৌরনিগমের দুই তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হলেন। আবার অভিযোগ দায়ের হয়েছে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। সবমিলিয়ে চাপে তৃণমূল।