Kunal Ghosh: ‘ল্যাজে আগুন দিলে, হনুমানের মতো পারফর্ম করব’, কেন বললেন কুণাল?

Kunal Ghosh's Facebook Post: নিজের পোস্টে তুলে এনেছেন আরজি কর আন্দোলনের সময়ে রাজ্য সরকারকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, সে প্রসঙ্গও। তাঁর কথায়, আরজি করের সময়ে অনেকেই হাত গুটিয়ে বসেছিলেন, তাঁরা যদি এখন হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠেন, তাহলে কর্মীরাই মানবে না।

Kunal Ghosh: ল্যাজে আগুন দিলে, হনুমানের মতো পারফর্ম করব, কেন বললেন কুণাল?
কুণাল ঘোষের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 04, 2025 | 12:15 AM

কলকাতা: হঠাৎ করেই দলের একাংশের বিরুদ্ধে বেসুরো তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের ফেসবুক পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “যে মাঠেই খেলি, ঝাপসা মাঠ দেখতে পাচ্ছি। অনেক ঝড় জল দেখে এসেছি, ফলে নিজেকে প্রস্তুত রাখছি।” বিতর্ক উস্কে তিনি আরও লিখেছেন, “যদি কেউ মনে করেন, আমার ল্যাজে পা দেবেন, তাহলে তো আমাকে আবার হনুমানের মতো পারফর্ম করতে হবে। ”


নিজের পোস্টে তুলে এনেছেন আরজি কর আন্দোলনের সময়ে রাজ্য সরকারকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, সে প্রসঙ্গও। তাঁর কথায়, আরজি করের সময়ে অনেকেই হাত গুটিয়ে বসেছিলেন, তাঁরা যদি এখন হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠেন, তাহলে কর্মীরাই মানবে না।

তাহলে কি কুণাল ঘোষের মনে কোথাও মেঘ উঁকি মারছে? প্রশ্নটা সরাসরি করা হয়েছিল তাঁকে। জবাবে TV9 বাংলাকে তিনি বলেন, “এই ধরনের অভিজ্ঞতা আমার প্রথম নয়। এটাই জীবনের নিয়ম। আমার জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে। যেহেতু অনেক ঝড়জল দেখে এসেছি, ধরেই রেখেছি কিছু না কিছু হবে।” কথা প্রসঙ্গেই তিনি বলেন, “কেউ যদি আমাকে ভাল কথা বলেন, আমি তাঁর জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু যদি কেউ মনে করে ল্যাজে আগুন দেবে, তাহলে তো হনুমানের মতোই পারফর্ম করতে হয়। ওঠাপড়া সবই জীবনের অঙ্গ।” তিনি আবারও বলেন, “এই যে আরজি কর অধ্যায়, সেটা আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। অনেক প্রতিষ্ঠীত নেতা, তাঁরা মুখ খোলা দূর অস্থ, সামাজিক মাধ্যমে পোস্ট পর্যন্ত করেননি।”

উল্লেখ্য, এক্ষেত্রে বলতেই হয়, আরজি কর আন্দোলনের সময়ে তিলোত্তমার বিচারের দাবিতে যখন চিকিৎসকরা ধরনা-আন্দোলনে বসেছিলেন, তখন দলের হয়ে একের পর এক পোস্ট করে গিয়েছিলেন কুণাল। সে পোস্টের বক্তব্য নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। তবে সে সময়ে লক্ষ্যণীয়ভাবেই দলের বহু নেতাও নিশ্চুপ থেকেছেন। সরাসরি সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। সেই বিষয়টিই এদিন আরও একবার উস্কে দেন তিনি।

কুণালের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে তো দলের সব নেতাই সরব হন। কিন্তু স্থানীয় কোনও ইস্যুতে কিংবা কুৎসা রটলে, তার বিরুদ্ধে সরব হওয়া, অপ্রিয় সত্য কথা বলা, ঝুঁকি নিয়ে মোকাবিলা করাই আসল মোকাবিলা। আরজি কর আন্দোলনের সময়ে যাঁরা নিশ্চুপ ছিলেন, যাঁরা বিপক্ষে কথা বলেছিলেন, তাঁদের নিয়েই কুণাল ‘ঝাপসা ঝাপসা’ বলেও স্পষ্ট করে দেন।

Follow Us