No Parking in Kolkata: নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই খসবে ৫০০ টাকা, চালু নতুন নিয়ম

Agnimitra Paul: অগ্নিমিত্রা পাল বলেন, "আজই নোটিস দিচ্ছি। রাস্তার দু পাশে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে। যেদিকে পার্কিং করার কথা নয়, সেখানে কোনও গাড়ি থাকবে না। মানুষের সুবিধা হবে। এছাড়া বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়, যে টাকা রাজস্ব দফতরে আসে না। সেই স্লিপ দিয়ে টাকা তোলা যাবে না।"

No Parking in Kolkata: নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই খসবে ৫০০ টাকা, চালু নতুন নিয়ম
নো-পার্কিংয়ে গাড়ি রাখা যাবে না Image Credit source: Samir Jana/HT via Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 17, 2026 | 9:35 AM

কলকাতা: রাস্তা কম, দু’পাশে শুধুই দাঁড়িয়ে আছে গাড়ি। তাতে যানজট যেমন বাড়ে, তেমন সাধারণ মানুষের হাঁটাচলার রাস্তাও কমে যায়। তৃণমূল আমলেও প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) নির্দেশ দিয়েছিলেন বেআইনি পার্কিং নিয়ে। কিন্তু কাজের কাজ হয়নি। এবার বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই বেআইনি পার্কিং নিয়ে কড়া হতে চলছে তারা। এবার থেকে পার্কিং এলাকার বাইরে এবং নো-পার্কিংয়ে গাড়ি রাখলে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে চালকদের।

শহরজুড়ে সাতাশ ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং নিয়ে বিশেষ অভিযান চালায় লালবাজার। কলকাতা পুরসভা অনুমোদিত জ়োনের বাইরে পার্কিং করা যাবে না পরিষ্কার নির্দেশ তাদের। অনুমোদন ছাড়া টাকার বিনিময়ে রাস্তায় পার্কিং করালে নেওয়া হবে কড়া ব্যবস্থা। অনুমোদিত জ়োনে ওয়ান লাইন পার্কিং, কতটা জায়গা পার্কিং সেটা জানিয়ে রাখতে হবে ডিসপ্লে বোর্ডে। বোর্ডে পার্কিং ফি উল্লেখ থাকতে হবে আর পার্কিংয়ের কর্মীকে ইউনিফর্ম পরে থাকতে হবে।

কী বলছেন পুরমন্ত্রী?
অগ্নিমিত্রা পাল বলেন, “আজই নোটিস দিচ্ছি। রাস্তার দু পাশে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে। যেদিকে পার্কিং করার কথা নয়, সেখানে কোনও গাড়ি থাকবে না। মানুষের সুবিধা হবে। এছাড়া বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়, যে টাকা রাজস্ব দফতরে আসে না। সেই স্লিপ দিয়ে টাকা তোলা যাবে না।”

রাজ্যের আর এক মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “যেখানে পার্কিং করার কথা সেখানেই গাড়ি রাখতে হবে। এখন যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। কিছু মানা হয় না। বেআইনিভাবে পয়সা তোলা হয়। তাতে সাধারণ জনতার অসুবিধা হয়।”

উল্লেখ্য, গত বছর মাত্র ২ ঘণ্টার জন্য রাস্তার ধারের পার্কিং বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সকাল ৭টা থেকে সকাল ৯ টা পর্যন্ত রাস্তার ধারের পার্কিং বন্ধ করার নির্দেশিকা জারি করেছিল কলকাতা পুরনিগম। আবর্জনা পরিষ্কারের জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

Follow Us