
উত্তর ২৪ পরগনা: প্ল্যাটফর্ম মোটের ওপর ফাঁকাই ছিল। মধ্যমগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মের অদূরেই এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। সেসময়ে ঢুকছিল ডাউন শিয়ালদহগামী ট্রেন। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে যায় ওই ব্যক্তির দেহ। পরিস্থিতি এমন হয়, ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহ একেবারে ট্রেনের দুটো কোচের মাঝে চাকায় পেঁচিয়ে যায়। ট্রেনের চাকা আর ঘুরছিল না। দাঁড়িয়ে যায় ট্রেন। মধ্যমগ্রামে ভয়ঙ্কর ঘটনা। বেশ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় ট্রেন চলাচল। ঘটনার জেরে শনিবার রাতে শিয়ালদহ হাসনাবাদ, শিয়ালদহ বনগাঁ শাখার আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্ন হয়।
জানা যাচ্ছে, বারাসাত শাখার আপ লাইনের ৭ এবং ৮ নম্বর রেলগেটের কাছে এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। তাঁর দেহ একেবারে ট্রেনের চাকায় আটকে যায়। ঘটনায় ভয়াবহতায় স্তম্ভিত হয়ে যান রেলযাত্রীরা। বনগাঁ শাখায় রাত ৯.৫৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরপিএফ। রেল কর্মীরা ট্রেনের চাকা থেকে বেলচা দিয়ে কাচিয়ে ছিন্ন হয়ে যাওয়া দেহ বার করে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “ভয়ঙ্কর দৃশ্য, চোখে দেখা যায় না। একেবারের আর কিচ্ছু ছিল না শরীরটা। একঝলকই দেখেছি। গোটা শরীরে কাঁটা দিয়ে দিয়েছে।” বেশ কিছুক্ষণ পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ওই ব্যক্তির শরীরের অবস্থা এমনই ছিল, তা দেখে শনাক্তকরণের কোনও পরিস্থিতি নেই। পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।