
কলকাতা: আন্তর্জাতিক আদালতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সেরকমই ইঙ্গিত দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, তৃণমূলকে (TMC) দমিয়ে রাখা যাবে না। যত মামলাই দেওয়া হোক না কেন, তার বিরুদ্ধে লড়াই করবেন তাঁরা। প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্টে যাবেন। এমনই হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
২১ জুলাইয়ের পর ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস নিয়েও টানাটানি দুই তৃণমূলের। বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। সেখানেই আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে ছাত্র-কর্মীদের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্র-যৌবনকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। দরকার হলে জেলে যাবেন। এক মাস জেলের ভাত খাবেন। কিন্তু বিজেপির ভাত খাবেন না।” এরপরই বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৪ হাজার কেস দিয়েছেন তো? সুপ্রিম কোর্টে কল্যাণ লড়ছে, আমিও যাব। দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টে যাব। মনে রাখবেন, সরকারও ফাঁসবে। যাঁরা গ্রেফতার করবেন তাঁরাও ফাঁসবেন। তখন আমি দেখব। যাঁরা অত্যাচার করছেন, তাঁরা কোথায় থাকবেন, এখন থেকে ঠিকানা ঠিক করে রাখুন।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, জেলা সফর শুরু করবেন তিনি। সেখানে যদি তাঁকে অনুমতি না দেওয়া হয় তাহলে রাস্তায় হাঁটবেন। মিছিল-মিটিংয়ে অনুমতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতান্ত্রিক আন্দোলন। কেন বারবার আদালতের অনুমতি নেব? আদালতে অনেক মামলা রয়েছে। আদালতের সময় নষ্ট কেন করছেন? এবার থেকে পুলিশ অনুমতি না দিলে জনগণের অনুমতি নেব।”